বন্ধ হয়ে গেল 'গরিবের' দুটি স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গরিবের’ স্বাস্থ্যকেন্দ্র নামে পরিচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটি নগর স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার থেকে পূর্ব মাদারবাড়ী ও দক্ষিণ বাকলিয়া নগর স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সেবা দেওয়া হচ্ছে না।
পূর্ব মাদারবাড়ী নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নাসরিন সুলতানা বলেন, ওয়ার্ড কাউন্সিলরের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।
জানতে চাইলে ওই ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওয়ার্ড কার্যালয় নগর স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ৩৬টি নগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্টের আওতায় ২০০১ সালে এসব স্বাস্থ্যকেন্দ্র চালু করা হয়। ২০১২ সালের ডিসেম্বরে এ প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপর থেকে নিজস্ব অর্থায়নে স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিচালনা করছে সিটি করপোরেশন। এসব কেন্দ্রে মাত্র ১০ টাকায় গরিব মানুষ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসাসেবাসহ বিনা মূল্যে ওষুধ পায়। সম্প্রতি কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে সিটি করপোরেশন। এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘“গরিবের” স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাবে?’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, চিকিৎসকসহ জনবল-সংকটের কারণে দুটি নগর স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের ভবন কী কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ৮ অক্টোবর করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় পূর্ব মাদারবাড়ী নগর স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়।
এদিকে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ইয়াছিন চৌধুরী বলেন, নগর স্বাস্থ্যকেন্দ্রে রোগী নেই। তাই গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়ার্ডে থাকা দাতব্য চিকিৎসালয়ে এলাকাবাসী সেবা নিতে পারবে।