বন্ধ হয়ে যাচ্ছে অর্থনীতি প্রতিদিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে যাচ্ছে অর্থনীতি-বিষয়ক দৈনিক পত্রিকা অর্থনীতি প্রতিদিন। পত্রিকাটির সাংবাদিক ও কর্মীরা জানিয়েছেন, তিন মাসের বেতন বকেয়া। এর মধ্যে গতকাল রোববার গভীর রাতে এসে মালিকপক্ষের লোকজন সার্ভার রুমের হার্ডডিস্কসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যান।
রাজধানীর ৩৩ কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয়। পত্রিকাটির কয়েকজন সাংবাদিক আজ সোমবার দুপুরে প্রথম আলোকে জানিয়েছেন, ২০১২ সালের ২ ডিসেম্বর বাজারে আসে অর্থনীতি প্রতিদিন। এর মালিক ব্যবসায়ী আবদুল হক। শুরুতে ঠিকঠাক মতো চললেও গত তিন মাস ধরেই বেতন হচ্ছিল না। এর মধ্যেই পত্রিকাটি বন্ধ হয়ে যাবে বলে কথাবার্তা চলে। গতকাল সন্ধ্যায় পত্রিকাটির নীতিনির্ধারকেরা কর্মীদের জানান, মালিকপক্ষ এটি বন্ধ ঘোষণা করবেন। এ সময় কর্মীরা জানতে চান, বকেয়া বেতনের কি হবে। তখন তাঁদের জানানো হয়, এটি দিয়ে দেওয়া হবে। কিন্তু রাত ১২টার পর মালিকপক্ষের কয়েকজন লোক এসে সার্ভার রুমে ঢুকে গুরুত্বপূর্ণ সব জিনিস নিয়ে যান।
ক্ষুব্ধ সংবাদকর্মীরা বলেন, ‘গভীর রাতে এভাবে লুকোচুরি করে পত্রিকা বন্ধ করার কোনো মানে নেই। সুস্পষ্ট ঘোষণা দিয়ে সব করা যেত।’
পত্রিকাটির বার্তা সম্পাদক হুমায়ুন সাদিক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আসলে কি হচ্ছে, আমরাও পরিষ্কার বুঝতে পারছি না। আমাদের একটি প্রতিনিধিদল মালিকের সঙ্গে কথা বলতে গেছে। সন্ধ্যার পর আমরা বিষয়টি জানতে পারব।’
এ বিষয়ে জানতে চাইলে অর্থনীতি প্রতিদিন-এর প্রশাসনিক প্রধান হরিপদ দাস বলেন, ‘মালিকপক্ষ এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পত্রিকা বের হবে না। তবে মালিকই যা বলার বলবেন।’
অর্থনীতি প্রতিদিন-এর মালিক আবদুল হককে মুঠোফোনে পাওয়া যায়নি। পত্রিকাটির একজন পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘যা বলার মালিকই ঘোষণা দিয়ে জানাবেন।’