বন্ধ ৪০ চালকল পেল সরকারিগুদামে চাল দেওয়ার অনুমতি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ৪০টি চালকল বন্ধ থাকার পরও সরকারি খাদ্যগুদামে চাল দেওয়ার অনুমতি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিধি ভঙ্গ করে এসব চালকলের মালিকেরা বাজার থেকে কিনে গুদামে চাল দিচ্ছেন।
উপজেলা খাদ্যগুদাম কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিধি অনুযায়ী চুক্তিবদ্ধ চালকল চালু থাকতে হবে। চালকলের মালিকেরা ধান কিনে নিজ চালকলে তা ছাঁটাইয়ের পর সরকারি খাদ্যগুদামে চাল দেবেন। বিধি অমান্যকারীদের বিরুদ্ধে চুক্তি বাতিল করার বিধান রয়েছে। ওই বিধি না মেনে স্থানীয় গুদাম কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে বাইরে থেকে চাল কিনে খাদ্যগুদামে দিচ্ছেন অধিকাংশ চালকলের মালিকেরা।
উপজেলা খাদ্যগুদাম কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকারিভাবে উপজেলায় ৬২৫ মেট্রিক টন চাল কেনার বরাদ্দ পাওয়া যায়। এ জন্য সরকারের সঙ্গে স্থানীয় ৫০টি চালকলের মালিকের চুক্তি হয়। তাঁরা ৩১ টাকা কেজি দরে গত ৫ জানুয়ারি থেকে খাদ্যগুদামে ওই চাল দিচ্ছেন। অভিযোগ উঠেছে, চুক্তিবদ্ধ অন্তত ৪০টি চালকল চালু না থাকলেও তাঁরা সরকারি বরাদ্দ পেয়েছেন। এসব চালকল কোনোটা ভাড়া দেওয়া হয়েছে। আবার ২৫টি চালকলে ঘাস গজিয়েছে। তারা বাইরে থেকে ১৯ থেকে ২০ টাকা দরে প্রতি কেজি চাল কিনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও গুদাম কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে তা ৩১ টাকা কেজি দরে গুদামে দিচ্ছে।
গত মঙ্গলবার কয়েকটি চালকলে যান এই প্রতিবেদক। এ সময় চুক্তিবদ্ধ রওনক চালকলে দেখা যায়, সেখানে শুকানো হচ্ছে মুড়ির চাল। মোস্তাকিম হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘আমি এই চালকলটি ভাড়া নিয়েছি। এখানে কোনো ধানভাঙা হয় না।’ তবে সেখানে চালকলের মালিক জাহাঙ্গীর আলমকে পাওয়া যায়নি।
মাসুম চালকলটিও পরিত্যক্ত হয়ে পড়েছে। এর মালিক শামিম শাহ। তাঁর ছোট ভাই মাসুদ শাহ বলেন, ‘শ্রমিক-সংকটে কয়েক বছর ধরে এখানে ধানভাঙা হয় না। দিনাজপুরের ফুলবাড়ী থেকে চাল কিনে গুদামে দিয়েছি।’
মেসার্স রশিদ চালকলে দেখা যায়, সেখানে শুকানো হচ্ছে আলু। চালকলের মালিক আবদুর রশিদ বলেন, ‘শ্রমিক-সংকটের জন্য মিল চালাই না। ২৩ টাকা দরে ৬ টন ৭০০ কেজি চাল বাজার থেকে কিনে ৩১ টাকা দরে গুদামে দিয়েছি। লাভের অর্ধেক গুদাম কর্মকর্তাকে দিতে হয়েছে।’ মায়ের দোয়া চালকলটিও ছিল বন্ধ। পরিত্যক্ত মিলচাতালে খড় স্তূপ করে রাখা হয়েছে। সেখানে গজিয়েছে ঘাস। ভাই ভাই চালকলটি স্থানীয় ভুট্টা বীজ ব্যবসায়ী রাসেল আহম্মেদ ভাড়া নিয়েছেন। চালকলের মালিক শাহাদৎ হোসেন বলেন, তিনি আট মেট্রিক টন ৫০ কেজি চাল বরাদ্দ পেয়ে বাজার থেকে কম দামে কিনে গুদামে দিয়েছেন। মেসার্স চান্দু গোয়ালা চালকলের মালিক গণেশ গোয়ালা বলেন, ‘বরাদ্দ পাওয়া ১২ টন চাল ফুলবাড়ী থেকে কিনে গুদামে দিয়েছি।’
অভিযোগ রয়েছে, যাঁরা নিজ চালকলে ধান না ভাঙিয়ে কিনে চাল গুদামে দিচ্ছেন, তাঁদের কাছ থেকে ৫০ কেজির বস্তাপ্রতি ২০০ টাকা করে ঘুষ নিচ্ছেন ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা তরিকুল ইসলাম।
খাদ্যগুদাম কর্মকর্তা তরিকুল বলেন, ‘চুক্তিবদ্ধ চালকলের মালিকদের বাজার থেকে চাল কিনে দেওয়ার অভিযোগ আমরা পাইনি।’ ঘুষ-বাণিজ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা টাকা নেব কেন? বিধি মোতাবেক চাল নিচ্ছি।’ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক বলেন, ‘সরকারি বিধি মোতাবেক নিজ চালকলে ধান ছাঁটাই করে সেই চাল গুদামে দিতে হবে। হয়তো লোকসানের জন্য চালকলের মালিকেরা চাল কিনে দিচ্ছেন। তবে আমরা কোনো ঘুষ-বাণিজ্য করি না।’