বন্ধ ৬০টি রেলস্টেশন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন বন্ধ থাকা ১৪০টি রেলওয়ে স্টেশনের মধ্যে গত বৃহস্পতিবার থেকে আবার চালু হয়েছে ৬০টি স্টেশনের কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে রেলপথমন্ত্রী মুজিবুল হক নরসিংদীর পলাশ উপজেলার বন্ধ ঘোড়াশাল স্টেশন সচল করার মাধ্যমে একযোগে সারা দেশের ৬০টি স্টেশন চালু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুজিবুল হক বলেন, অধিকাংশ স্টেশন বন্ধ হয়েছে বিএনপির শাসনামলে। বিএনপির আমলে রেলপথ ছিল খুবই অবহেলিত। সেই সময় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমান সরকার রেলওয়ের গৌরব ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। অধিক ও সব শ্রেণির মানুষের কাছে রেলপথের সেবা পৌঁছে দেওয়ার ভাবনা থেকে প্রধানমন্ত্রীর ইচ্ছায় অচল স্টেশন সচল করার কার্যক্রম হাতে নেওয়া হয়। প্রথম পর্যায়ে চালু করা হলো ৬০টি স্টেশনের কার্যক্রম। দ্রুত বাকি ৮০টি স্টেশন সচল করা হবে।
মুজিবুল হক বলেন, রাজধানীর যানজট কমানোর জন্য ঢাকার চারদিকে সার্কুলার ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই চলছে। সার্কুলার ট্রেন চালু করা গেলে যানজট থাকবে না। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রেলওয়ের গৌরব ফিরে আসবে বলে মনে করেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-২ আসনের সাংসদ কামরুল আশরাফ খান, সাবেক সাংসদ আনোয়ারুল আশরাফ খান, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্র জানায়, সারা দেশের ৪৬০টি রেলস্টেশনের মধ্যে ১৮৮টি স্টেশন দীর্ঘদিন থেকে বন্ধ, যার মধ্যে রেলওয়ের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার থেকে ঢাকা বিভাগের ২১টি, চট্টগ্রাম বিভাগের ১২টি, পাকশীর ২৩টি ও লালমনিরহাটের ৪টি স্টেশন একযোগে চালু হয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগে চালু হওয়া স্টেশনগুলো হলো ঘোড়াশাল, আমীরগঞ্জ, শ্রীনিধি, ভাওয়াল গাজীপুর, সাতখামাইর, ধলা, উমেদনগর, পিয়ারপুর, কেন্দুয়া বাজার, ভুয়াপুর, বিশকা, সোহাগী, নান্দাইল রোড, কালিকাপ্রসাদ, ঠাকুরাকোনা, বারহাট্টা, শাহাজীবাজার, মুকুন্দপুর, সাতগাঁও, লংলা ও বরমচাল স্টেশন।
চট্টগ্রাম বিভাগের স্টেশনগুলো হলো মুহুরীগঞ্জ, ফাজিলপুর, শর্শদী, নাওটী, ময়নামতি, দৌলতগঞ্জ, খিলা, নাথেরপেটুয়া, বজরা, শাহাতলী, সরকারহাট ও ঝাউতলা।
পাকশী বিভাগের যে ২৩টি স্টেশন চালু হয়েছে সেগুলো হলো ফুলতলা, রূপদিয়া, মেহেরুল্লানগর, সফদারপুর, আনসারবাড়িয়া, মিরপুর, পাকশী, আজিমনগর, মাধনগর, রানীনগর, হিলি, ভবানীপুর, ডোমার, কাঁকনহাট, নাচোল, বেনাপোল, কুমারখালী, খোকসা, পাংশা, পাঁচুরিয়া জংশন, আমিরাবাদ, ফরিদপুর ও মধুখালী জংশন।
রেলওয়ে লালমনিরহাট বিভাগে চালু হয়েছে সান্তাহার-বোনারপাড়া সেকশনের মধ্যে আলতাফনগর, ভেলুরপাড়া ও মহিমাগঞ্জ। লালমনিরহাট-বুড়িমারী সেকশনের মধ্যে আদিতমারী অন্নদানগর।
রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, চালু হওয়া স্টেশনগুলো দ্বিতীয় শ্রেণি পদমর্যাদার। স্টেশনগুলো চালু হওয়ায় ট্রেনগুলো দ্রুত ক্রসিং সুবিধা পাবে। এতে যাত্রাপথে সময় কমে আসবে।