বন্ধ ‘কৃষক বাজার’ চালু করা নিয়ে তিন মন্ত্রণালয়ের টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলে কৃষকদের জন্য নির্মিত ‘কৃষক বাজার’গুলোর মধ্যে বন্ধ থাকা ৩৯টি বাজার চালু করার উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে এর ব্যবস্থাপনার দায়িত্ব কারা পাবে, তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন চলছে।কৃষককে সহজে তাঁর পণ্য বিপণনের সুযোগ করে দিতে স্থাপিত বাজারগুলোর স্থাপন ও পরিচালনার সঙ্গে যুক্ত তিনটি মন্ত্রণালয়। এগুলো নির্মাণ করেছে কৃষি মন্ত্রণালয়। জমি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আর ইজারা ও ব্যবস্থাপনায় আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাজারগুলো চালু করার ব্যাপারে কৃষি বিপণন অধিদপ্তরের তৈরি করা সাম্প্রতিক এক প্রতিবেদনে এগুলোকে কৃষি মন্ত্রণালয়ের কর্তৃত্বে ছেড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বাজারগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে এক পর্যালোচনা প্রতিবেদনে এ প্রকল্পে ঋণদাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) কৃষি বিপণন অধিদপ্তরকে শক্তিশালী করে বাজারগুলো তাদের কর্তৃত্বে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। ২০০১ থেকে ২০০৫ সালে এডিবির ঋণ-সহায়তায় উত্তর-পশ্চিম শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় ৭৬টি বাজার নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২১টি পুরোপুরি ও ১৮টি আংশিক বন্ধ রয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমরা যেকোনো মূল্যে বাজারগুলো চালু করতে চাই। একটি প্রকল্পের আওতায় বাজারগুলো নির্মিত হলেও তার পরিচালনার দায়িত্ব কৃষি মন্ত্রণালয়ের হাতেই থাকতে হবে—এমন কোনো কথা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টির সুরাহা করা হবে।’ বাজারে কৃষক কম: উৎপাদনকারী কৃষকই মূল লক্ষ্য হলেও বাজারগুলো প্রত্যাশানুযায়ী তাঁদের আকৃষ্ট করছে না। এর একটি কারণ টোল। প্রকল্পে বাজারগুলো থেকে কোনো ইজারা মূল্য না নেওয়ার কথা ছিল। কথা ছিল, দোকানগুলো বাজার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে কৃষক দলের সদস্যদের ভাড়া দেওয়া হবে। বেশির ভাগ দোকানের ভাড়া নির্ধারণ করা হয়েছিল ২০০ থেকে ২৫০ টাকা। কিন্তু বেশির ভাগ কৃষক বাজারের অবস্থান মূল বাজারের ভেতরে হওয়ায় পৌরসভা ও জেলা/উপজেলা প্রশাসন পুরো বাজারের সঙ্গে কৃষক বাজারগুলোও ইজারা দিয়ে দিচ্ছে।কৃষি বিপণন অধিদপ্তরের পর্যালোচনায় বলা হয়েছে, ইজারাদারেরা মাসিক হারে টোল আদায় করছেন বলে অনেক বাজারে কৃষক আসতে চাইছেন না। দলবদ্ধ কৃষকের কাছে বাজারের ৫০ শতাংশ দোকান বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু অধিকাংশ বাজারের ২০ শতাংশ দোকানও কৃষকেরা ভাড়া নিচ্ছেন না। ২০০২ সালে অনুমোদিত ‘সরকারি হাটবাজার নীতিমালা’ অনুযায়ী গ্রামীণ হাটবাজারগুলোর ইজারাসহ ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। তবে কৃষক বাজারগুলো এ নীতিমালার বাইরে রেখে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনার কথা ছিল। ২০১০ সালের জুলাই মাসে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে একটি চাহিদাপত্র পাঠানো হয়। সেখানে কৃষক বাজারগুলোকে ইজারার বাইরে রাখার জন্য অনুরোধ করা হয়। কিন্তু ওই দুই মন্ত্রণালয় এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি বলে জানা গেছে। ৬৪টি বাজার সরকারি খাসজমিতে ও আটটি পৌরসভার জমিতে নির্মিত হওয়াতেই স্থানীয় সরকার বিভাগ এগুলো ইজারা দিয়েছে। কৃষক দলের খবর নেই: বাজারগুলোতে কৃষকদের নিয়ে আসতে কৃষক দল গঠনের জন্য কয়েকটি এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ দায়িত্ব পালনে এনজিওগুলোর ‘গাফিলতি’ দেখা গেছে। আরডিআরএস, প্রশিকাসহ মোট পাঁচটি এনজিওকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।