বন্ধকি স্বর্ণালংকার নিয়ে উধাও ব্যবসায়ী
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণবণিক লোকজনের বন্ধক রাখা স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে গেছেন। ১৮ দিন ধরে স্বর্ণালংকার বন্ধক রাখা ব্যক্তিরা তাঁকে খুঁজে পাচ্ছেন না।স্বর্ণালংকার বন্ধক রাখা ব্যক্তিরা জানান, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট বণিকপাড়া গ্রামের কৃষ্ণবণিক রানীরহাটে পাঁচ-ছয় বছর ধরে জুয়েলারি দোকান খুলে স্বর্ণ ব্যবসা করছেন। এ সময় তিনি স্থানীয় শতাধিক ব্যক্তির কাছ থেকে ৩০০ ভরি স্বর্ণালংকার বন্ধক নেন, যার বাজারমূল্য দেড় কোটি টাকা। ব্যবসার জন্য ধার নেন ৩০ লাখ টাকা, যা পরিশোধ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ৩ মার্চ দোকান বন্ধ রেখে গা ঢাকা দেন তিনি। ইসলামপুর ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম জানান, কৃষ্ণবণিক তাঁর কাছ থেকে ১২ লাখ টাকা ধার নেন, যা এক মাসের মধ্যে পরিশোধ করার কথা। চার মাস অতিবাহিত হওয়ার পরও তিনি টাকা পরিশোধে গড়িমসি করেন।রাজানগর ইউনিয়নের হালিমপুর গ্রামের শরীফা খাতুন জানান, পাঁচ মাস আগে বসতঘর তৈরির জন্য ১২ ভরি স্বর্ণালংকার বন্ধক দিয়ে তিন লাখ টাকা ঋণ নেন। ৬ মার্চ টাকা দিয়ে স্বর্ণালংকার ছাড়াতে এসে দেখা যায়, দোকান বন্ধ। ঘরে গিয়ে দেখেন তাঁর স্ত্রী-সন্তান, মা-বাবা কেউ নেই। তাঁর মুঠোফোনও বন্ধ। রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা বলেন, ‘অনেকে কৃষ্ণবণিককে খুঁজে না পেয়ে বিষয়টি আমাকে জানান। এরপর খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পাওয়া যায়নি।’ স্বর্ণালংকার বন্ধক রাখা ব্যক্তিদের কয়েকজন কৃষ্ণবণিকের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান।