
ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী বন্ধন ট্রান্সপোর্ট লিমিটেডের অন্যতম পরিচালক রুহুল আমিনকে পিটিয়ে দুই হাত ও এক পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। পরে তারা নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের নামে স্লোগান দিয়ে পরিবহনের কার্যালয়ে ঢুকে আরেক পরিচালক আবদুর রশিদসহ চারজনকে পিটিয়ে জখম করে।
খবর পেয়ে সাধারণ বাসমালিক ও শ্রমিকেরা নাসিম ওসমানের নামে পাল্টা স্লোগান দিয়ে সন্ত্রাসীদের ধাওয়া দেন। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
বন্ধনের মালিকেরা গত বছরের ৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের পরদিন শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম চেঙ্গীস তাঁর ক্যাডার বাহিনী নিয়ে অস্ত্রের মুখে জোর করে বন্ধন ট্রান্সপোর্ট দখল করেন। এরপর তারা সাড়ে চার বছরে বন্ধন থেকে সাত কোটি টাকা লুট করেছে। বন্ধনের মালিকেরা চাঁদা দেওয়া বন্ধ করে বাসভাড়া তিন টাকা করে কমানোর ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ইব্রাহীম চেঙ্গীসের লোক মিলন ও আইউব আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বন্ধনের পরিচালককে নারায়ণগঞ্জ থানার পাশে একটি বেসরকারি ব্যাংকের বারান্দায় ডেকে নিয়ে প্রচণ্ড মারধর করে। তারা লোহার পাইপ দিয়ে পিটিয়ে রুহুল আমিনের দুই হাত ও এক পা ভেঙে ফেলে। পরে লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে চিকিৎসার পর ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
এরপর বেলা ১১টার দিকে মিলন ও আইউব আলী শতাধিক লোক নিয়ে সাংসদ নাসিম ওসমানের নামে স্লোগান দিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে অবস্থিত রিভারভিউ কমপ্লেক্সের দোতলায় অবস্থিত বন্ধন ট্রান্সপোর্টের কার্যালয়ে হামলা চালায়। তারা পরিচালক আবদুর রশিদসহ চারজনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে বর্তমান কমিটির লোকজন সাধারণ মালিক ও শ্রমিকদের নিয়ে সেখানে গেলে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে মালিক-শ্রমিকেরা নাসিম ওসমানের নামে পাল্টা স্লোগান দিয়ে হামলাকারীদের ধাওয়া দেন। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনায় আহত রুহুল আমিনের ছেলে সোহেল সাতজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। আসামিরা হলেন: মিলন, লিটন, সাইফুল, রাজ্জাক, মাখন, মহসিন ও বিজয়।
হামলার ব্যাপারে বন্ধনের চেয়ারম্যান হাসানুর রহমান বলেন, হামলাকারীরা সাধারণ মালিকদের দীর্ঘদিন ধরে শোষণ করেছে। আবারও শোষণের জন্য গতকাল তারা বন্ধন পরিবহন দখলের চেষ্টা করে। এ গ্রুপটি বর্তমান নাসিম ওসমানের সুনাম নষ্ট করছে।
হামলার ব্যাপারে আসামি মিলন মিয়া সাংবাদিকদের বলেন, ‘বন্ধন পরিবহন বিএনপির চিহ্নিত সন্ত্রাসী তপন (ক্যাঙ্গারু পারভেজ অপহরণ মামলার অন্যতম আসামি মাহবুব উল্লাহ) দখল করে রেখেছে। আমরা চাঁদাবাজদের কবল থেকে বাসমালিকদের মুক্ত করতে এসেছিলাম।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সকালে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।