বন্ধন পরিবহনও চাঁদা দেওয়া বন্ধ করে যাত্রী ভাড়া কমাল
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ট্রান্সপোর্ট পরিবহনের মালিকেরা গতকাল বুধবার থেকে চাঁদা দেওয়া বন্ধ করেছেন। যাত্রীদের সুবিধার্থে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৩০ টাকা থেকে তিন টাকা কমিয়ে ২৭ টাকা নির্ধারণ করেছেন তাঁরা।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে মালিকেরা এ কথা জানান। বন্ধন পরিবহনের মালিকেরা অভিযোগ করেন, শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর অনুগতরা বন্ধন পরিবহন থেকে গত সাড়ে চার বছরে সাত কোটি টাকা চাঁদা আদায় করেছে। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন বন্ধন পরিবহনের অন্যতম পরিচালক হাসানুর রহমান। আরও উপস্থিত ছিলেন পরিচালক রুহুল আমিন, নিত্য সাহা, সাধারণ মালিকদের মধ্যে আবুল কাশেম, সুলতানা সাবিহা প্রমুখ।
এর আগে গত ২৩ আগস্ট নারায়ণগঞ্জের নসিব পরিবহন চাঁদা দেওয়া বন্ধ করে দুই টাকা যাত্রী ভাড়া কমায়। এদিকে গত সোমবার এক স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছেও বন্ধন পরিবহনের ৩২ জন বাসমালিক শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁদের পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগ করেন। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেওয়া ওই স্মারকলিপিতে তাঁরা শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় বন্ধন পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আকুল আবেদন জানান।
সংবাদ সমেঞ্চলনে বন্ধন পরিবহনের মালিকেরা বলেন, ২০০৮ সালে সংসদ নির্বাচনের পরদিন ৩০ ডিসেম্বর সকালে শামীম ওসমানের খাস লোক হিসেবে পরিচিত ইব্রাহিম চেঙ্গিস, শাহীন রেজা, মোহামঞ্চদ আইয়ুব আলী ও নাসির শেখ বিভিন্ন বাসমালিককে টেলিফোনে ডেকে এনে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে একটি সাদা কাগজে সই নেন। এর পর থেকে শুরু হয় বন্ধন পরিবহনে তাঁদের লুটপাট। সেই থেকে ইব্রাহিম চেঙ্গিস ও তাঁর বাহিনী সব মিলিয়ে বন্ধন পরিবহন থেকে কমপক্ষে সাত কোটি নয় লাখ ৫২ হাজার টাকা নিয়ে গেছেন।
মালিকেরা বলেন, শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর অনুগতদের চাঁদাবাজির কারণে বন্ধন পরিবহনের অনেক বাসমালিকই বাস বন্ধ অথবা বিক্রি করে দিয়েছেন। আগে যেখানে ৫৬টি বাস চলত, সেখানে এখন আগের মালিকদের ২৮টি এবং সাংসদ নাসিম ওসমানের দেওয়া চারটিসহ ৩২টি বাস চলাচল করছে।
ইব্রাহিম চেঙ্গিস বর্তমানে কানাডায় অবস্থান করায় এসব অভিযোগের ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক। তাঁর একমাত্র ছেলের সঙ্গে গত আগস্টে শামীম ওসমানের স্ত্রীর বড় বোনের মেয়ের বিয়ে হয়েছে।
এ ব্যাপারে শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল ওসমান পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। শিগগিরই সংবাদ সমেঞ্চলন করে জাতির সামনে এসব অভিযোগের জবাব তুলে ধরা হবে।