বন্ধনহীন আকাশের বার্তা নিয়ে আসে করিমের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান জীবনের প্রতি, ভাবাদর্শের প্রতি, অনাবিল ভালোবাসার প্রতি আমাদের বিশ্বাস ফিরিয়ে আনে। নাগরিকতার নাগপাশে স্বেচ্ছাবন্দী হয়ে যে মুক্ত পরিসরের কথা ভুলে গেছি, সেই বন্ধনহীন আকাশের বার্তা নিয়ে আসে তাঁর গান।সিলেট নগরের জিন্দাবাজারের সৃজনশীল বইয়ের দোকান ও বাউলসম্রাটের স্মৃতিধন্য আড্ডাস্থল ‘বইপত্র’ আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন। গত ১২ সেপ্টেম্বর ছিল বাউলসম্রাট শাহ আবদুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় আয়োজন করা হয় ‘শাহ আবদুল করিমের স্মৃতি ও গান’ শীর্ষক এক অনুষ্ঠানের।শুরুতে স্মৃতিপর্বে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। বক্তব্য দেন সিলেটের প্রবীণ সংগীতজ্ঞ রামকানাই দাশ, নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য, কবি তুষার কর, উন্নয়নকর্মী নজমুল হক, গল্পকার জামান মাহবুব ও সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি নিরঞ্জন দে। সূচনা বক্তব্য দেন সুমনকুমার দাশ।প্রবীণ সংগীতজ্ঞ রামকানাই দাশ বলেন, ‘শাহ আবদুল করিমের চালচলনে কখনো কেউ বুঝতে পারেনি যে তিনি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ছিলেন। তিনি ছিলেন পরিপূর্ণ একজন মানুষ। মানবপ্রেমী এই বাউলসম্রাট শুধু গানের কথা নয়, বরং চালচলনেও আদর্শ মানুষের পরিচয় বহন করেছেন।’ প্রবীণ নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য বলেন, ‘এ এক অবাক করা দৃশ্য! শাহ আবদুল করিম গানে টান দিলেই শত শত মানুষ এসে গান শুনতে হাজির। এ ধরনের বিরল দৃশ্য আমি কখনো দেখিনি।’ সভাপতির বক্তব্যে কবি শুভেন্দু ইমাম বলেন, শাহ আবদুল করিমের গানের মূল বাণী তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে এরা তাঁর গান থেকে সাম্যবাদ, সমাজতন্ত্র ও গণতন্ত্র সম্পর্কে অনেকটাই ধারণা নিতে পারবে।দ্বিতীয় পর্বে বাউলসম্রাটের গান পরিবেশন করেন বাউল রণেশ ঠাকুর, জামালউদ্দিন হাসন বান্না, শামীম আহমদ, লাভলী দেব, লিংকন দাস প্রমুখ। শিল্পীরা ‘অকূল নদীর ঢেউ দেখে ডরাই’, ‘আমি আছি আমার মাঝে’, ‘এই সব নিয়ে দ্বন্দ্ব কেন’, ‘কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু’সহ বেশ কিছু গান পরিবেশন করেন।