বন্ধু আসবেন আর বিএনপি তাঁকে হুমকি দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ভারত বাংলাদেশের বন্ধু। সেই দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফর করার আগে বিএনপি হরতালের হুমকি দিচ্ছে। বন্ধু আসবেন আর বিএনপি তাঁকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না।’ জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের একাংশের সভায় তিনি এ কথা বলেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল রোববার এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকেরা এ সভার আয়োজন করে। আজ সোমবার একই স্থানে নগর আওয়ামী লীগের অপর অংশটি আলোচনা সভার আয়োজন করেছে। এ অংশের নেতৃত্বে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি।মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক জাতীয় পরিষদের সদস্য ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম প্রমুখ। সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ দেশে আসা উপলক্ষে বিএনপি একবার বলে হরতাল দেবে, আরেকবার বলে দেবে না। আমরা সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। প্রতিবেশী বন্ধু আসছেন আর বিএনপি তাঁকে হুমকি দিয়ে চলেছে।’প্রবীণ নেতা ইসহাক মিয়া বলেন, বঙ্গবন্ধুর হত্যার দিনে তথাকথিত জন্মদিন পালন না করতে বিএনপির নেতারাই খালেদা জিয়াকে অনুরোধ করেছেন। অথচ এ নিয়ে তাঁর মধ্যে কোনো বিবেকের নাড়া নেই।