স্মৃতিকাতর হয়ে ওঠেন সবাই। খুঁজে ফেরেন সহপাঠী-বন্ধুকে। ফিরে যান শৈশব-কৈশোরের সেই সোনালি দিনগুলোতে। হয়তো ১০, ২০ বা ৩০ বছর পর দেখা। এত দিন পর বন্ধুকে পাওয়া এক অন্য রকম অনুভূতি। দেখা পেয়ে অনেকেই হয়তো চিৎকার করে ওঠেন—‘বন্ধু, কী খবর বল?’
গতকাল শনিবার ছিল শহরের খানপুর চিলড্রেন পার্কে অবস্থিত নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলের শতবর্ষপূর্তি উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকেও ছুটে আসেন বিভিন্ন বয়সের প্রাক্তন ছাত্র। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন ছাত্র নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
১৯৭৩ ব্যাচের ছাত্র নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল সাইফুল কবীর জানান, ‘আমাদের ব্যাচের কয়েকজন ছাত্রকে পেয়ে ভালো লাগছে। অনেকে বিদেশে চলে গেছে। আমাদের বন্ধুদের মধ্যে অনেকে কে কোথায় আছে, কিছুই জানি না। আজকে অনেকের সঙ্গে দেখা হলো বহু বছর পর।’
শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (কুমিল্লা অঞ্চল) মেজর জেনারেল মো. জাহিদুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।
স্কুলের ব্যবস্থাপনা পরিষদ এবং শতবর্ষপূর্তি উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, ‘প্রাক্তন ছাত্র হিসেবে সব সময়ই স্কুলের জন্য আলাদা রকমের ভালোবাসা রয়েছে। এই টান থেকেই স্কুলটি পরিচালনার দায়িত্ব নেই। সবাইকে সঙ্গে নিয়ে স্কুলের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছি।’
শতবর্ষপূর্তি উৎসবের সূচনায় গতকাল সকাল নয়টায় আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন স্কুলের বয়োজ্যেষ্ঠ শিক্ষক আবদুস সোবহান। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
১৯০৬ সালে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির উদ্যোগে শহরের আমলাপাড়ায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। আমলাপাড়ায় স্থান সংকুলান না হওয়ায় এটি চাষাঢ়া শহীদ মিনারের পেছনে নিয়ে আসা হয়। এরপর আরও বড় পরিসরে মিশনপাড়া এলাকায় স্থানান্তর করা হয়। ১৯৬৫ সালে নারায়ণগঞ্জকে বাণিজ্যিক এলাকা ঘোষণা করে ডিআইটি।
তৎকালীন ডিআইটির চেয়ারম্যান জি এ মাদানী খানপুরের এই জায়গা স্কুলের জন্য বরাদ্দ দেন এবং মিশনপাড়া থেকে স্কুলের পুরোনো কাঠের বিল্ডিং খানপুরে স্থানান্তর এবং একতলা ভবন অনুদান দেয় ডিআইটি। ১৯৩২ সালে বার একাডেমি স্কুল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বীকৃতি পায়। ১৯৬৫ খানপুর চিলড্রেন পার্কে স্কুল স্থাপনের পর এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মোহম্মদ ইয়াছিন, তারপরে দায়িত্বপ্রাপ্ত হন এ টি এম এনায়েত হোসেন। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এস এইচ এম মনিরুজ্জামান সরকার।