বন্ধু, কী খবর বল, কত দিন দেখা হয়নি...
বন্ধু পাওয়া যায় সেই স্কুলবেলা থেকে। প্রাণের বন্ধু। তারপর জীবনে আর বন্ধু আসে না। সেই বন্ধুর সঙ্গে যদি ২৫ বছর পর দেখা হয়, তখন একজন অন্যজনকে জড়িয়ে কবীর সুমনের কণ্ঠে বলেন, ‘বন্ধু, কী খবর বল, কত দিন দেখা হয়নি...।’
সেই স্কুলজীবনের ৯০ জন বন্ধু, যাঁরা ১৯৯৩ সালে ভোলা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। প্রায় ২৫ বছর পর গত রোববার বিকেল চারটায় একত্র হলেন ভোলা সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে। ‘বন্ধু সকল-৯৩ রজতজয়ন্তী’ শিরোনামে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুদের সঙ্গে ছিলেন স্ত্রী, সন্তান, পরিবার-পরিজন আর শ্রদ্ধেয় শিক্ষকেরা।
বিকেল চারটায় বিদ্যালয় চত্বর থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে। এরপর নিজেদের মধ্যে ভাববিনিময় চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান ও খাওয়াদাওয়া। অনুষ্ঠানে বন্ধুরা শপথ নেন, তাঁরা ভোলার জন্য, বিদ্যালয়ের জন্য, বন্ধুর সমস্যা সমাধানে কিছু না কিছু করবেন।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘১৯৯৩ সালে পাস করা সব বন্ধু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিল। কয়েক মাস ধরে ঠিকানা, মুঠোফোন নম্বর জোগাড় করে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভবিষ্যতে আর যেন হারিয়ে না যায়, আমরা সে ব্যবস্থাই করব।’
আলোচনা ও অনুভূতিবিনিময় সভায় প্রাক্তন প্রধান শিক্ষক এ কে এম ছাদেকের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের আরেক প্রাক্তন প্রধান শিক্ষক বর্তমানে জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে, প্রাক্তন শিক্ষক ফরিদ উদ্দিন, কালিমুল্যাহ, নুরুল হক, ওমর আলী, নুরুল হক, সফিকুল ইসলাম, মো. শাহজাহান ও আহসান কবির, বিদ্যালয়ের ’৯৩ ব্যাচের ছাত্র জনতা ব্যাংকের কর্মকর্তা মাকসুদুর রহমান, এবি ব্যাংকের কর্মকর্তা সামছুল আলম চৌধুরী, মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ভোলা শাখার ব্যবস্থাপক মো. আরিফুর রহমান, ব্যবসায়ী হাসান মোর্শেদ, প্রভাষক আ ন ম রিয়াজ উদ্দিন প্রমুখ।