একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ নানা বয়সের নিরীহ মানুষকে হত্যা করেছিল। ওই দিনটি গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের প্রথম ধাপ হিসেবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বন্ধু দেশগুলোর পার্লামেন্টের সমর্থনকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম গতকাল মঙ্গলবার কোস্টগার্ডের এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
শাহ্রিয়ার আলম বলেন, ‘জাতিসংঘ ২০১৫ সাল থেকে ৯ ডিসেম্বর গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে। কাজেই এটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হবে না। ২৫ মার্চের কালরাতে যে গণহত্যা হয়েছিল, সে ব্যাপারে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আমরা মনোযোগ দিয়েছি।’
শাহ্রিয়ার আলম বলেন, গণহত্যা দিবসের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর এবং জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পাঠানো হয়েছে। তাঁরা দেখবেন স্বীকৃতি আদায়ের জন্য কীভাবে সরকারকে কাজ করতে হবে। তাঁদের সংগৃহীত তথ্য বিশ্লেষণের পর সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।
শাহ্রিয়ার আলম বলেন, ‘মুক্তিযুদ্ধে যেসব দেশ আমাদের সমর্থন দিয়েছিল, সে দেশগুলোর পার্লামেন্ট বা আইনসভাকে আমরা স্বীকৃতি দিতে বলব। ধারণা করি, বন্ধু এসব দেশ এখনো আমাদের পাশে থাকবে।’
তাঁর মতে, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কোন কোন দেশ এর বিরোধিতা করতে পারে, এ জন্য আলাদা আলাদাভাবে সব দেশের স্বীকৃতি আদায় করতে হবে। এ ক্ষেত্রে রুয়ান্ডার গণহত্যার স্বীকৃতির প্রসঙ্গটি তোলা হবে।
গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।