বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় সংবর্ধিত শিক্ষার্থীদের একাংশ  ছবি: প্রথম আলো
চুয়াডাঙ্গায় সংবর্ধিত শিক্ষার্থীদের একাংশ ছবি: প্রথম আলো

আলোকিত মানুষ হতে হলে মুখস্থ, মাদক ও মিথ্যাকে না বলতে হবে। পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। মুই কী হনু রে—এমন মনোভাব পরিহার করতে হবে।’ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এবং রাষ্ট্রীয় মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর শ্রীমন্ত টাউন হল মিলনায়তনে বেলা ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

একদিকে জামায়াত-শিবিরের হরতাল, অন্যদিকে মুষলধারে বৃষ্টি—কোনো কিছুই এসব কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে আসতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বৈরী আবহাওয়া মোকাবিলা করে কৃতী শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে আমন্ত্রিত অতিথিরাও নির্ধারিত সময় অনুষ্ঠানে হাজির হন। বন্ধুসভার সদস্যরা শিক্ষার্থীদের মাথায় রঙিন কাগজে বিশেষভাবে তৈরি মুকুট পরিয়ে দেন। চার শতাধিক শিক্ষার্থী সংবর্ধনায় যোগ দেয়।

এসএসসিতে সেরা ফলের জন্য চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও দর্শনা কেরু উচ্চবিদ্যালয়কে সমঞ্চাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। প্রত্যেক কৃতী শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও পরিবারপ্রতি উপহার হিসেবে একটি করে বিশেষ প্যাকেজের টেলিটক সিম দেওয়া হয়।

প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন চুয়াডাঙ্গা বন্ধুসভার সভাপতি মাবুদ সরকার। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, আজকের কৃতী শিক্ষার্থীদের বিদেশের মাটিতে প্রতিযোগিতার উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। নারী শিক্ষায় সরকারি সুযোগকে কাজে লাগাতে হবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, ‘পরিশ্রম ছাড়া বড় হওয়া যায় না। মনে রাখবে, যারা জিপিএ-৫ পায়নি, তারাও চেষ্টা করলে তোমাদের ছাড়িয়ে যেতে পারবে।’ সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল বলেন, ছেলে-মেয়েরা এই বয়সে বন্ধুদের পাল্লায় পড়ে বেশি নষ্ট হয়। তাই, তোমাদের বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। অভিভাবকদেরকেও তাদের প্রতি লক্ষ রাখতে হবে।

একই কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বুয়েটে ভর্তি পরীক্ষায় পাস নম্বর পায় না। তাই মুখস্থ নয়; বুঝে-শুনে পড়তে হবে।’ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের টিমওয়ার্ক ভালো ফল এনে দিতে পারে।

কৃতী শিক্ষার্থী মেহেদী হাসান বলে, ‘প্রথম আলোর মাদকবিরোধী প্রচারপত্র আমাদের জন্য সতর্কবার্তা। আজ এখানে উপস্থিত সবার শপথ হোক, আমি মাদক নেব না, অন্যকে মাদক নিতে দেব না।’ ২০১২ সালের আই জিনিয়াস কৃতী শিক্ষার্থী ঈশিতা ইয়াসমিন বলে, ‘শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির শিক্ষা গ্রহণ এবং এর ইতিবাচক ব্যবহার করতে হবে।’

প্রথম আলোর খুলনা অঞ্চলের বিক্রয় কর্মকর্তা আসাদুজ্জামান ২৩ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ভোরে চুয়াডাঙ্গার পাঠকদের হাতে প্রথম আলো পৌঁছে দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টেলিটকের মার্কেট প্রমোটর শাফিরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মফিজ ইমাম, অভিভাবকদের পক্ষে একরামুল হক ও মাহফুজা পারভীন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক হিরণ উর রশিদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় চুয়াডাঙ্গা সরকারি শিশুসদনের বিপাশা, মিতু, বৃষ্টি, রতনা, সোনিয়া ও মুরি এবং স্থানীয় মডেল বিল্লাল ও সাথী।

আজ ২০ সেপ্টেম্বর

শুক্রবার

চট্টগ্রাম

স্থান: ফয়’স লেক

সময়: সকাল ১০টা

কাল ২১ সেপ্টেম্বর

শনিবার

জয়পুরহাট

স্থান: পৌর কমিউনিটি সেন্টার

সময়: সকাল নয়টা ৩০ মিনিট