বন্ধু বশীরকে নিয়ে বললেন আনিসুজ্জামান

মাস তিন আগে চলে গেছেন শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীর। নতুন ছবি এঁকে প্রথম তাঁকেই দেখাতেন শিল্পী। গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেন স্ত্রীর মতামত। সম্প্রতি প্রয়াত আমিনা বশীরের নামে গঠন করা হয়েছে আমিনা বশীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। গতকাল ছিল ট্রাস্টের প্রথম স্মারক বক্তৃতা ‘মুর্তজা বশীর: মানুষ ও শিল্পী’। একক বক্তৃতা করেন শিল্পী মুর্তজা বশীরের বন্ধু ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনের এই আয়োজনকে রূপ দেওয়া হয় শিল্পী মুর্তজা বশীরের জন্মদিনের আয়োজনে। কাল ছিল তাঁর ৮৬তম জন্মদিন। অনুষ্ঠানের সব থেকে আকর্ষণীয় অংশটি ছিল শিল্পীকে নিয়ে লেখা তাঁর বন্ধু আনিসুজ্জামানের বক্তৃতা। কৌতুকপূর্ণ, রসাত্মক সেই লিখিত বক্তৃতায় বন্ধুকে চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি। এশিয়াটিক সোসাইটির সহসভাপতি শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক সাব্বির আহমেদ ও অধ্যাপক আমিরুল ইসলাম।
বক্তৃতায় আনিসুজ্জামান বলেন, ‘আড্ডায় আমাদের মধ্যে কথা হতো এরিক মারিয়া রেমার্কের তিন বন্ধু বইটি নিয়ে। আমাদের মধ্যে কথা হতো, আমরা কে ওই উপন্যাসের কোন চরিত্র হতে চাই। বশীর বলতেন, তিনি কার্ল হতে চান। কার্ল হলো তিন বন্ধুর একমাত্র মোটরগাড়ির নাম। মানুষ কীভাবে মোটরগাড়িতে রূপান্তরিত হবে, এ প্রশ্নের যথাযথ জবাব বশীরের কাছে পাওয়া যেত না।’ বন্ধুর চিত্রকর্ম, সাহিত্যকর্ম, পিতা ড. মুহম্মদ শহীদুল্লাহ্র প্রভাবমুক্ত নির্লিপ্ত শিল্পীজীবনের চমৎকার একটি চিত্র তুলে ধরেন তাঁর নিবন্ধে।
মঞ্চে ডেকে নেওয়া হয় মুর্তজা বশীরকেও। অক্সিজেনের নল জড়ানো শিল্পীকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। মঞ্চে উঠে বেশ দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘এটা ঠিক আমার জন্মদিনের আয়োজন নয়, আমিনা বশীর স্মৃতি বক্তৃতা। এখানে তাকে নিয়ে কিছু কথা বললে আমার ভালো লাগত। আমি চাই আমার মেয়ে তার মাকে নিয়ে কিছু বলুক।’ বাবার আহ্বানে মাকে নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান শিল্পীর মেয়ে মুনীরা বশীর।
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে তাঁকে আমরা কোথাও নিতে পারি না। এশিয়াটিক সোসাইটি যে তাঁকে এখানে এনেছে, তাদের অভিনন্দন। মুর্তজা বশীর ও আমিনুল ইসলামেরা নিজেদের যে পর্যায়ে নিয়ে গেছেন, যে সাধনায় তাঁরা সম্পৃক্ত ছিলেন, সেটা আমরা পারছি না। সব ক্ষেত্রেই এ শূন্যতা তৈরি হচ্ছে। তিনি আরও অনেক দিন আমাদের মাঝে থাকবেন, আমাদের সমৃদ্ধ করবেন—এটাই প্রত্যাশা।’