বন্ধু যখন পশুপাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তারিন শামান্তা রহমানের ফেসবুক পাতা থেকে নেওয়া পোষা বিড়াল নিকোলের ছবি
মুস্তারিন শামান্তা রহমানের ফেসবুক পাতা থেকে নেওয়া পোষা বিড়াল নিকোলের ছবি

বিশ্ববিদ্যালয় ছাত্রী মুস্তারিন শামান্তা রহমানের ফেসবুক পাতার কভার-ছবি হিসেবে একটা বিড়ালের ছবি দেওয়া আছে। অ্যাকাউন্ট ঘেঁটে সেই বিড়ালের নানা ভঙ্গি আর বিচিত্র কর্মকাণ্ডের আরও অনেক ছবি পাওয়া যায়। কোনোটির ক্যাপশন ‘ঈদের পোশাক’, যেখানে মুস্তারিনের বিড়াল ‘নিকোল’ পুঁতির মালা গলায় পোজ দিচ্ছে। আবার আরেকটি ছবিতে ল্যাপটপের বোতাম টিপতে ব্যস্ত বিড়াল নিকোল।
মুস্তারিন বললেন, ‘এখনকার শহুরে জীবন অনেক বেশি ব্যস্ত আর হতাশাপূর্ণ। সামাজিক মেলামেশার সুযোগ কম। পরিবারকেও সব সময় কাছে পাওয়া যায় না। তখন এসব পোষা প্রাণীই পরিবার হয়ে যায়।’
মুস্তারিনের মতো এমন অনেকেই এখন বাড়িতে পশুপাখি পুষছেন। ব্যস্ত নাগরিক জীবনে এসব পোষা প্রাণীই তাঁদের বন্ধু হয়ে উঠেছে, এমনটাই বলছেন তাঁরা।
চৈতালি মিষ্টি পেশায় আইনজীবী। ২০১১ সাল থেকে বিড়াল পুষছেন। একটি রিসোর্টে বেড়াতে গিয়ে মা-ছাড়া দুটো বিড়ালছানা দেখে তাদের পুষতে নিয়ে আসেন। এখন মা-বাচ্চাসহ তাঁর বিড়ালের সংখ্যা ছয়। বললেন, ‘এগুলোকে এখন আর আলাদা কিছু মনে হয় না। আমার রোজকার জীবনের একটা অংশ হয়ে গেছে এই বিড়ালগুলো।’
বিড়ালগুলোর একটি চৈতালির ঘুম ভাঙানোর কাজও করে। চৈতালি বললেন, ‘সবচেয়ে ছোটটার নাম কুটুস। ও আমার সাথেই ঘুমায়। সকালে আমার আগে উঠে গেলে আস্তে আস্তে আমার গালে থাবা দিয়ে ঘুম ভাঙায়। খুব মজা লাগে আমার।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া খন্দকারও পোষা কুকুর স্ক্র্যাবিকে নিয়ে একটি মজার অভিজ্ঞতার কথা বললেন। একবার তাঁদের বাসায় কিছু আত্মীয় বেড়াতে এলে কুকুরটি একজনের এক পাটি জুতা খেয়ে ফেলে। এরপর সেই আত্মীয়কে এক জুতা পায়েই ফিরে যেতে হয়। ১৩ বছর ধরে কুকুরটি তাঁদের পরিবারে আছে। দুই বছর আগে ‘ফেসবুক’ নামে একটি বিদেশি জাতের কুকুর আনা হলেও, তাসনিয়াদের পরিবারে এখনো স্ক্র্যাবিরই কদর বেশি। বললেন, ‘স্ক্র্যাবি আমার বেস্ট ফ্রেন্ডের মতো। ও অনেক বছর আমাদের নিরাপত্তার জন্য পরিশ্রম করেছে। এখন তো ও বুড়ো হয়ে গেছে। তাই এখন আমাদের দায়িত্ব ওকে দেখে রাখা।’
কুকুর-বিড়ালের পাশাপাশি পোষা প্রাণী হিসেবে পাখি ও মাছেরও বেশ কদর আছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজিয়া খালেদ ২০টি বার্জিগার পাখি পুষছেন। বললেন, ‘ঢাকায় তো আর পাখির ডাক শোনা যায় না। কিন্তু এই পাখিগুলোর ডাকে প্রতিদিন আমার ঘুম ভাঙে।’
নাজিয়া বললেন, শুধু শখ বা আনন্দ নয়, পশুপাখি পুষতে গেলে কিছু দায়িত্বের কথাও মাথায় রাখতে হয়। তিনি বলেন, পাখি খুব সহজেই মরে যায়, তাই সাবধান থাকতে হয়। পাখির যত্ন-আত্তির জন্য নিয়মিত বিশেষজ্ঞের পরামর্শ নেন তিনি।
ফিশ জারে মাছ পোষেন তানজিয়া ইসলাম। তিনিও বললেন, মাছ পালার নিয়মগুলো ঠেকে শিখেছেন। বললেন, ‘প্রথমবার যখন গোল্ডফিশ কিনি তখন বেশি খাবার দেওয়ার কারণে সেগুলো মরে যায়। আর একবার ফাইটার ফিশ কিনে অন্য মাছের সাথে রাখার পর
ফাইটার ফিশের আক্রমণে সেগুলো মারা যায়।’ এরপর থেকে ইন্টারনেটে পড়ে বুঝেশুনে মাছের যত্ন নিচ্ছেন তানজিয়া।
বাসায় পশুপাখি পোষার ক্ষেত্রে অবশ্যই একজন পশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলেন ড. সাগীর উদ্দিন আহমেদ। পশু হাসপাতাল সাগীর’স পেট ক্লিনিকের এই কর্ণধার বলেন, কুকুর-বিড়াল পুষতে আনার সঙ্গেই সঙ্গেই একজন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটির টিকাদানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া এদের গায়ে হাত দেওয়া বা মলমূত্র পরিষ্কারের পর ভালো করে হাত-মুখ ধোয়ার পরামর্শ দেন তিনি। আর পাখি পালন সম্পর্কে তিনি বলেন, মাসে অন্তত একবার পাখির খাঁচাটি নিয়মসম্মতভাবে পরিষ্কার করলে মানুষ ও পাখি দুই পক্ষই রোগবালাই থেকে নিরাপদ থাকবে।