রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশকে বন্ধুহীন মনে হচ্ছে। বন্ধু রাষ্ট্রগুলোকে আস্থায় এনে পরিস্থিতি বোঝানো খুব জরুরি।
গতকাল সোমবার ‘ন্যাশনাল সলিডারিটি ফর রোহিঙ্গা’ আয়োজিত এক আলোচনা সভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন।
ন্যাশনাল সলিডারিটি ফর রোহিঙ্গার আহ্বায়ক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আলোচনার শুরুতে একটা খসড়া ধারণাপত্র পড়ে শোনান। তাতে তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের মতো দেশ এবং জাতিসংঘ, ওআইসির মতো সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ বাড়ানোর কথা বলেন।
বিচারপতি আবদুর রউফ বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যেমন চীনকে দরকার, নানা কারণে চীনেরও বাংলাদেশকে দরকার। বিষয়টা চীনকে বোঝাতে হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, আরাকানে জাতিগত নিধনের সময় বাংলাদেশ একরকম নীরব দর্শকের ভূমিকায় ছিল। বাংলাদেশ অন্য দেশগুলোকে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে ভালোভাবে বোঝাতে পারেনি। কূটনৈতিকভাবে সরকারের ব্যর্থতা আছে। তিনি বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, জনমত তৈরিতে বিরোধী দলকে চুপ করে বসে থাকলে চলবে না।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, যাঁরা ‘আরাকান রাজ্য’ দখল করে নেওয়ার চিন্তা করছেন, তাঁরা কল্পনার জগতে বাস করছেন। তিনি বলেন, বাংলাদেশ যা করতে পারে, তা হচ্ছে ডেসমন্ড টুটুর মতো ব্যক্তিত্বদের বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পারে। মার্কিন সিনেটর ম্যাক কেইনকে আমন্ত্রণ জানাতে পারে। তাঁদের কাছে রোহিঙ্গা পরিস্থিতি ঠিকভাবে তুলে ধরতে পারলে বাংলাদেশ উপকৃত হবে।
অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বাংলাদেশে কার্যকর পররাষ্ট্রনীতি নেই। বর্তমান সরকারকে দোষ দিয়ে লাভ নেই। এটা আগেও ছিল না। মিয়ানমার কূটনীতিতে এগিয়ে আছে বলেই তারা চীন ও ভারতের মধ্যে ভারসাম্য রাখতে পেরেছে। তিনি বলেন, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের ঐকমত্যে পৌঁছানো দরকার। কারগিল যুদ্ধের সময় বিজেপি ও কংগ্রেস একসঙ্গে কাজ করেছে। বাংলাদেশে এমনটি কখনো ঘটে না।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীনতা পাওয়া রাষ্ট্রস্বত্বা। মিয়ানমারের হেলিকপ্টার কেন বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে? বাংলাদেশের হেলিকপ্টার নাই?’ তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা কয়েক দশকের পুরোনো সমস্যা। এই বিষয়ে বাংলাদেশের নীতি নেই কেন?
অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান বলেছেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ জানানোর উদ্যোগ নিতে পারে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সচিব মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএফইউজের নেতা শওকত মাহমুদ, বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া, খেলাফত আন্দোলনের (একাংশ) আমির শাহ আতাউল্লাহ প্রমুখ।