বন্ধু সাইফুলকে শ্বাসরোধে হত্যা করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের কোনাবাড়ীর দোকান-কর্মচারী সাইফুল ইসলামকে তার বন্ধু ভারী বস্তু দিয়ে আঘাত ও শ্বাসরোধে হত্যা করে। গতকাল বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি রফিকুল ইসলাম গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতকে এ কথা জানান। রফিকুল বলেন, তাঁর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করায় সাইফুলকে তিনি হত্যা করেন।গত ৯ সেপ্টেম্বর রাতে কোনাবাড়ী এলাকার কোনাবাড়ী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভেতর ওই প্রতিষ্ঠানের কর্মচারী সাইফুল (১৭) খুন হয়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক সুলতান মাহমুদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।ওই মামলার তদন্ত করতে গিয়ে গত বুধবার রাতে স্থানীয় পুলিশের সহায়তায় বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকার শ্বশুরবাড়ি থেকে রফিকুলকে (২০) গ্রেপ্তার করা হয়। রফিকুল গতকাল ১৬৪ ধারায় আদালতকে বলেন, তিনি কোনাবাড়ী পূর্ব পাড়ায় একটি ভাড়াবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকেন। ওই বাড়িতে সাইফুলের যাতায়াত ছিল। একপর্যায়ে তিনি টের পান, সাইফুল তাঁর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। এর জের ধরেই ওই রাতে সাইফুলকে হত্যা করেন তিনি। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন প্রথম আলোকে জানান, সাইফুল ও রফিকুল দুজনের বাড়িই সিরাজগঞ্জ। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।