বন্ধু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ল্যাপটপের জন্য বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যার মামলায় এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে মহানগর দায়রা জজ মো. শাহেনুর আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জাহেদ মাহমুদ (২৬)।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১১ সালে ১৮ ডিসেম্বর নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের পাশের পাহাড়ে ল্যাপটপের নিয়ে সমস্যার জেরে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কফিল উদ্দীনকে ছুরিকাঘাতে হত্যা করেন তাঁর বন্ধু জাহেদ মাহমুদ। পরে পুলিশ এ ঘটনায় জাহেদকে গ্রেপ্তার করে। হত্যার দায় স্বীকার করে জাহেদ মাহমুদ জবানবন্দি দেন। তদন্ত শেষে পরের বছরের ৩ মে পুলিশ জাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলার বিচারে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।