বন্ধুকে অপহরণের অভিযোগে তরুণীসহ চারজন গ্রেপ্তার
সহপাঠীকে অপহরণের অভিযোগে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তিন তরুণ ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ মার্চ বাসা থেকে নিখোঁজ হয় শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুলের ছাত্র মো. মাহাদীর (১৬)।মাহাদীরকে অপহরণ করে তার মোবাইল থেকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় ব্যবসায়ী বাবা এ এস এম কামরুল ইসলামের কাছে। গত শুক্রবার মাহাদীরের মুঠোফোন থেকে বলা হয়, ১০ মিনিটের মধ্যে মুক্তিপণের টাকা আনতে লোক যাচ্ছে। এই সময়ের মধ্যেই মাহাদীরের কাঁটাসুরের বাসায় গিয়ে হাজির হয় তার ওই চার বন্ধু। পরে তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে আশকোনা থেকে অপহূত মাহাদীরকে উদ্ধার করা হয়।মাহাদীরের বাবা ছয়জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠিয়েছে পুলিশ। আরেক সহপাঠী মুরাদকে এ ঘটনার মূল হোতা ধারণা করে খুঁজছে পুলিশ।গ্রেপ্তার তরুণ-তরুণীরা হলো সাইফুল ইসলাম (১৭), মোহাম্মদ আলী (১৮), দেলোয়ার হোসেন (১৯) ও শারমীন আক্তার (২০)। তারা সবাই মাহাদীরের বন্ধু ও সহপাঠী। তাদের মধ্যে শারমীন আক্তার শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। অন্যরা একসময় এ স্কুলে পড়ত। তাদের একজন এখন ফিরোজা বাশার আইডিয়াল টেকনিক্যাল স্কুলে পড়ে। অন্য দুজন লেখাপড়া ছেড়ে দিয়েছে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই মাহাদীরের মুঠোফোন থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ফোনের সূত্র ধরেই পুলিশ খোঁজ শুরু করে। একপর্যায়ে মাহাদীরের এ চার বন্ধু বিভিন্নভাবে তার বাবাকে অপহরণকারীদের চাহিদামতো টাকা দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেয়। পুলিশের দাবি, তারা সবাই বখে গিয়ে লেখাপড়া ছেড়ে দিয়েছে। ২০ বছর বয়সের তরুণীই কেবল নবম শ্রেণীতে পড়ে।তবে গ্রেপ্তার তরুণদের দাবি, তারা মাহাদীরকে অপহরণ করেনি। তারা মাহাদীরের বাবাকে বারবার সান্ত্বনা দিয়েছে এবং মাহাদীরকে উদ্ধারের জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে গেছে। ভুল বোঝাবুঝির কারণে তাদের অপহরণকারী ভেবে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তাদের দাবি।