বন্ধুকে দিয়ে ফোন করে ডেকে এনে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নাটকীয়ভাবে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণ করার আগে প্রথমে ওই ছাত্রের বন্ধুকে একটি প্রাইভেট কারে (ব্যক্তিগত গাড়ি) তুলে নেয় দুর্বৃত্তরা। গাড়িতে মারধরের পর ভয় দেখিয়ে তাঁকে দিয়েই ফোন করে অন্য এক জায়গায় ডেকে আনা হয় ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র তারিকুল ইসলাম ওরফে রনিকে। পরে প্রথমজনকে গাড়ি থেকে ফেলে দিয়ে তারিকুলকে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
ঘটনার শুরু শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায়। সেখান থেকে প্রথমে তারিকুলের বন্ধু মো. নুরুল্লাহকে একটি প্রাইভেট কারে তুলে নেয় চার দুর্বৃত্ত। নুরুল্লাহও ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র। এরপর তাঁকে নিয়ে প্রাইভেট কারটি চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় যায়। সেখানে যাওয়ার পর নুরুল্লাহকে দিয়ে ফোন করে আসতে বলা হয় তারিকুলকে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত অপহরণের শিকার তারিকুলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার বিকেলে নগরের পশ্চিম শহীদনগর এলাকায় একটি ভাড়া বাসায় ঢোকেন বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র মো আলাউদ্দিনসহ চারজন। তাঁদের সঙ্গে এক তরুণীও ছিলেন। ভাড়া নেওয়ার নাম করে তাঁরা ওই বাসায় যান। তিন ঘণ্টার মধ্যে একে একে ওই তরুণীসহ তিনজন বেরিয়ে যান। আর বাসার টয়লেটে হাত-পা বাঁধা অবস্থায় আলাউদ্দিনের লাশ পাওয়া যায়।
শুক্রবারের অপহরণের ওই ঘটনার বর্ণনা দিয়ে তারিকুলের বন্ধু নুরুল্লাহ মুঠোফোনে গতকাল বেলা ১১টায় প্রথম আলোকে বলেন, তিনি ব্যক্তিগত কাজে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় হঠাৎ কয়েকজন তাঁকে টেনেহিঁচড়ে একটি প্রাইভেট কারের সামনে নিয়ে মারধর করতে থাকে। তারা চারজন ছিল। একপর্যায়ে তাঁকে প্রাইভেট কারে তুলে মুরাদপুর নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর মোবাইল ফোন থেকে তারিকুলকে ফোন দিতে বলেন তাঁরা। ফোন করার পর তারিকুল সেখানে আসেন। এরপর তাঁকে গাড়ি থেকে ফেলে দিয়ে তারিকুলকে গাড়িতে তোলে ওই চার ব্যক্তি।
নুরুল্লাহ বলেন, গাড়িতে তাঁকে মারধর করা হয়। ভয় দেখানো হয়। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। তবে তাঁর চোখ বাঁধেনি।
এ বিষয়ে তারিকুলের আরেক সহপাঠী আল আমিন প্রথম আলোকে বলেন, অপহরণের বিষয়টি তাঁরা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন।
তারিকুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি কটেজে থাকেন। গত বুধবার নগরের পাঁচলাইশ এলাকায় নুরুল্লাহর মেসে ওঠেন তিনি। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।
গতকাল রাত সাড়ে নয়টায় নুরুল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তারিকুল তাঁকে বলেছিলেন দুদিন তাঁর মেসে থাকবেন। একটু সমস্যা হচ্ছে। কিন্তু কী সমস্যা সেটা বলেননি।
এদিকে সকালে অপহরণের যে বর্ণনা নুরুল্লাহ দিয়েছেন, রাতে তিনি একই ঘটনার কিছুটা ভিন্ন বর্ণনা দেন। তারিকুলকে মুরাদপুর থেকে নয়, তাঁর মেস থেকেই ওই চারজন তুলে নিয়ে যায় বলে তিনি জানান। বক্তব্য হেরফের হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে আমি নার্ভাস ছিলাম। অন্য সব ঘটনা ঠিক আছে।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা তারিকুল ইসলামকে উদ্ধারের ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।’
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, কেন এই অপহরণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।