বরিশাল নগরে মো. সুমন সিকদারের (৩৫) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় থানায় মামলা করেছে তাঁর পরিবার। মামলায় প্রধান আসামি করা হয়েছে সুমনের বন্ধু মো. শওকত হোসেনকে।
হোটেল কক্ষ থেকে ফেলে দিয়ে সুমনকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ এনে সোমবার রাত ১০টার দিকে সুমনের বড় ভাই আবদুল্লাহ মো. ঈশা মামলাটি করেন। এতে শওকত ছাড়াও অজ্ঞাতনামা আরও আট-নয়জনকে আসামি করা হয়েছে।
গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের অভিজাত হোটেল এরিনার পাশে রাস্তা থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার হন সুমন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি ও তাঁর বন্ধু শওকত ওই দিন দুপুরে হোটেলটির পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে উঠেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, হোটেল কক্ষে ওই দিন বিভিন্ন সময় আড্ডা দেওয়া সুমনের বন্ধুদেরও সন্দেহভাজন আসামির তালিকায় রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
মামলায় শওকতকে গতকাল মঙ্গলবার মুখ্য মহানগর হাকিমের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।