বন্ধুকে বাঁচাতে গিয়ে খুন
এক বন্ধুর বাঁশের লাঠির আঘাত থেকে অপর বন্ধুকে বাঁচাতে গিয়ে মো. সাদ্দাম হোসেন (১৮) নামের এক তরুণ নিজেই খুন হলেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটী মহল্লায় এ ঘটনা ঘটেছে।স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার বিকেলে মিত্রবাটী মহল্লার কাপড় ব্যবসায়ী আজিজুল হকের ছেলে সাদ্দাম হোসেন ও তাঁর কয়েকজন বন্ধুর মধ্যে সামান্য ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সাদ্দামের এক বন্ধু অপর বন্ধুকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এবার আঘাতপ্রাপ্ত বন্ধুটি পাল্টা জবাব দেওয়ার জন্য বাঁশের লাঠিটি হাতে নিয়ে ওই বন্ধুকে মারতে তেড়ে যান। এ সময় বাঁশের লাঠির আঘাত থেকে বাঁচাতে সাদ্দাম দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এমতাবস্থায় ওই লাঠির আঘাতটি গিয়ে পড়ে সাদ্দাম হোসেনের মাথায়। গত শনিবার দুপুর থেকে সাদ্দামের দেহে শুরু হয় লাঠির আঘাতের প্রতিক্রিয়া। বমি শুরু হয় এবং কান দিয়ে রক্ত ঝরতে থাকে। তাঁকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটতে থাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে মাইক্রোবাসযোগে রংপুর মেডিকেলে নেওয়ার পথে বীরগঞ্জে তাঁর মৃত্যু হয়।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি।