বন্ধুকে সহায়তা করতে এসে ধরা...
মবিনুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইতিমধ্যেই অনুষ্ঠিত ব্যবসায় প্রশাসন অনুষদে (সি ইউনিট) উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। নিজেরটা নিশ্চিত হওয়ায় মবিনুল চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত বন্ধু শহিদুল হোসেনকে সহায়তা করতে গতকাল শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বি-১ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। কথানুসারে মবিনুল উত্তরপত্রে পূরণ করেন শহিদুলের ক্রমিক নম্বর (১৩১৯০)। অন্যদিকে শহিদুলও উত্তরপত্রে তাঁরই ক্রমিক নম্বর (১৩১৯০) পূরণ করেন। তবে ভর্তি পরীক্ষা চলাকালে উত্তরপত্রের ক্রমিক নম্বর যাচাই করার সময় দায়িত্বরত শিক্ষকদের কাছে উভয়ই ধরা পড়েন। বিশ্ববিদ্যালয়ের ড. ইউনূস ভবনের ৩০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের হাটহাজারী ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন।
মবিনুল ও শহিদুলের গ্রামের বাড়ি যথাক্রমে চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারায়। বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে উত্তীর্ণ মবিনুলের গতকাল বিকেলে সাক্ষাৎকার ছিল। কিন্তু এর আগেই ধরা পড়ায় তাঁর সাক্ষাৎকারে অংশ নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, উভয় পরীক্ষার্থী উত্তরপত্রে একই ধরনের ক্রমিক নম্বর পূরণ করেন।