বন্ধুকে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে কলেজছাত্র আল আমিন সজল হত্যা মামলায় তাঁর দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে আসামিদের উপস্থিতিতে চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন হাবিবুর রহমান (২৩) ও নাজমুল ইসলাম ব্যাপারী (২২)। তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী এলাকায়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩১ অক্টোবর রাতে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের প্রধানিয়া বাগানবাড়িতে তিন বন্ধু আল আমিন সজল (২১), নাজমুল ইসলাম ব্যাপারী ও হাবিবুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন ও নেশাদ্রব্য নিচ্ছিলেন। ওই সময় প্রেমঘটিত বিষয় নিয়ে সজলের সঙ্গে অপর দুই বন্ধুর ঝগড়া হয়। একপর্যায়ে হাবিব ও নাজমুল মিলে গলায় ফাঁস লাগিয়ে সজলকে হত্যা করেন। এরপর সজলের লাশ হাত-পা বেঁধে বাগানের পাশের ফসলি জমিতে মাটি ও কচুরিপানা দিয়ে চাপা দেন তাঁরা।

সজল চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অনার্স (ডিগ্রি) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, সজলের নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর বাবা ওই বছরের ১ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ হাবিবুর রহমানকে আটক করে। দুই দিনের রিমান্ড শেষে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ৬ নভেম্বর পুলিশ রালদিয়া এলাকায় মাটি খুঁড়ে সজলের লাশ উদ্ধার করে। পরবর্তী সময়ে নাজমুলকেও আটক করে পুলিশ।