বন্ধুকে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

ঝালকাঠির নলছিটি উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আলমগীর হাওলাদার নামের এক যুবককে হত্যা করা হয়েছিল। ওই মামলায় তাঁর দুই বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আজ মঙ্গলবার বিকেলে এ রায় দেন।
যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তিরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ এলাকার মো. বাবুল ও নলছিটির মধ্য কামদেবপুর গ্রামের শাহিন মোল্লা। রায় ঘোষণা সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান বলেন, নলছিটির দক্ষিণ কাঠিপাড়া এলাকার ফাজাফফর হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদারের কাছ থেকে ওই দুই আসামি ১০ হাজার টাকা ও একটি ঘড়ি ধার নেন। পরে টাকা ও ঘড়ি ফেরত দিতে আসামিরা গড়িমসি শুরু করেন। টাকা ও ঘড়ি ফেরত নেওয়ার জন্য আলমগীর তাঁর দুই বন্ধুর ইঞ্জিনচালিত একটি ট্রলার আটকে রাখেন। এতে খেপে গিয়ে ২০০৩ সালের ২৮ জানুয়ারি বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে আলমগীরকে হত্যা করে হয়।
মামলার নথি সূত্রে জানা গেছে, হত্যার পরদিন ২৯ জানুয়ারি নিহত আলমগীরের স্ত্রী নলছিটি থানায় মামলা করেন। নলছিটি থানার পুলিশ ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১২ জনের সাক্ষ্য নেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মঞ্জুর হোসেন।