প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মস্কো সফরকে পরাশক্তির সঙ্গে অভিন্ন বন্ধুত্ব ও সহযোগিতার বীজ বপনের প্রয়াস হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দুই দেশে এমন অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে বাংলাদেশ ও রাশিয়া পারস্পরিক স্বার্থে কাজ করতে পারে।প্রধানমন্ত্রী বলেন, ‘সম্পর্ক গড়ার ক্ষেত্রে বাংলাদেশ ও মস্কোর রয়েছে এক ঐতিহাসিক ও আবেগপূর্ণ ভিত্তি। আমি এখানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমাদের অভিন্ন বন্ধুত্ব ও সহযোগিতার বীজ বপন করতে এসেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর ফল ভোগ করবে।’শেখ হাসিনা গতকাল বুধবার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ‘সমসাময়িক বাংলাদেশ-রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপট’ শীর্ষক এক বক্তৃতায় এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অভিযাত্রা, আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সংযুক্ত করতে পারলে দুই দেশের এবং জনগণের সমৃদ্ধি ও অগ্রগতি অর্জনে এই বন্ধুত্ব অবিরত জোরদার হবে।’প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে রেক্টর ভিক্টর স্যাদোভনচি তাঁকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন ফ্যাকাল্টির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিনি ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দর থেকে মাইন ও ধ্বংসাবশেষ অপসারণে রাশিয়ার অনেককে জীবন দিতে হয়েছে। কেবল আমাদের রক্তক্ষয়ী যুদ্ধেই নয়, বাংলাদেশের পুনর্বাসনকাজেও সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে দাঁড়িয়েছিল।’শেখ হাসিনা বলেন, রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় দুই হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট হবে ভবিষ্যতে আরও বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের সূচনা মাত্র।প্রধানমন্ত্রী উভয় দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব করেন। তিনি বলেন, বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষণযোগ্য কর্মশক্তি রাশিয়ার প্রযুক্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখতে পারে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগনি আমরিনা সিদ্দিকী উপস্থিত ছিলেন। বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনে গুরুত্বারোপ: মস্কোয় কাউন্সিল ভবনে গতকাল রাশিয়ার কাউন্সিল অব ফেডারেশনের চেয়ারপারসন ভ্যালেন্টিনা আই মেতভিয়েনকোর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আর্থসামাজিক, শিক্ষা, কৃষি, জ্বালানি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ‘বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের আদান-প্রদানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হতে পারে। ভ্যালেন্টিনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাশিয়া ও ভারতের অবদানের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব দেন। দেশে ফিরছেন আজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে মস্কো থেকে দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ সকাল নয়টা ২০ মিনিটে তিনি ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।