রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে নাগরিক সংলাপে আবদুল্লাহ আবু সায়ীদ
বন্ধুত্বের চেয়ে মুনাফার দিকে বেশি লোভ থাকতে পারে
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, মুনাফার লোভে স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক অপচেষ্টা চালাতে পারে। কিছু ক্ষেত্রে বন্ধুত্বের চেয়ে মুনাফার দিকে বেশি লোভ থাকতে পারে। তবে সরকারকে মুনাফালোভীদের স্বার্থ ত্যাগ করে, দেশ ও জনগণের স্বার্থের কথা বিবেচনা করতে হবে। হাজার বছর ধরে গড়ে ওঠা সুন্দরবনের সম্পদ ও পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে দেওয়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের উচ্চতর গবেষণা কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার আয়োজিত নাগরিক সংলাপে সভাপতির বক্তৃতায় আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন। ‘বিতর্কিত ইআইএ’র ভিত্তিতে তৈরি রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সুন্দরবন ধ্বংস করবে; সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ চাই না; আমরা বিদ্যুৎ চাই, সুন্দরবনও চাই’ শীর্ষক এই সংলাপে নাগরিক সমাজ ও পরিবেশ আন্দোলনের নেতারা বক্তব্য দেন। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি এই সংলাপের আয়োজন করে।
সংলাপে মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরূল ইমাম বলেন, ‘সুন্দরবন তার জীবনের সর্বোচ্চ সংকটকাল অতিবাহিত করছে। আমরা অত্যন্ত হতাশা ও উদ্বেগের সঙ্গে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রামপাল বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি।’ তিনি বলেন, রামপালের পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) প্রতিবেদনটি করা হয়েছে ২০১৩ সালে। অথচ রামপালে বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে তার বছর খানেক আগে। জমি অধিগ্রহণ করার পর সম্পাদিত ইআইএ প্রণয়ন করার উদ্দেশ্য কেবলই লোক দেখানো। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি ইআইএ করার দাবি জানান তিনি।
অধ্যাপক এম শহীদুল ইসলাম বলেন, সরকারের নিয়োগকৃত বিশেষজ্ঞরা বলছেন, রামপালে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে। সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির নামে, সুপার ক্রাইসিস যাতে তৈরি না হয়, সেটি এখনই বিবেচনা করার সময়।