বন্ধুত্বের জয়গানে বছরজুড়ে ফারাজকে স্মরণ
গত বছরের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন নামটি এখন সবার কাছেই একজন বন্ধুর নাম। গত এক বছরে দেশে-বিদেশে নানা আয়োজনে-উদ্যোগে স্মরণ ও উদ্যাপন করা হয়েছে ফারাজের বন্ধুত্ব, সাহস আর ত্যাগকে।
গত বছরের ১৫ জুলাই তিউনিসিয়ায় ইতালীয় দূতাবাসে ‘গার্ডেন অব দ্য রাইচাস’ বা ন্যায়নিষ্ঠদের জন্য স্মৃতি-উদ্যানে মানবতার কল্যাণে অবদান রাখা পাঁচজন বিশিষ্ট মানুষের সঙ্গে ফারাজের নামে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়। লাগানো হয় একটি গাছ। ‘যিনি একটি জীবন রক্ষা করেন, তিনি আসলে রক্ষা করেন পৃথিবীটাকেই’—এই মূলমন্ত্র ধারণ করে ইতালির মিলানভিত্তিক অলাভজনক সংস্থা গার্ডেন অব দ্য রাইচাস ওয়ার্ল্ডওয়াইড (গ্যারিও) সন্ত্রাসের বিরুদ্ধে ও মানবতার পক্ষে কাজ করা মানুষদের স্মৃতিরক্ষায় এ কর্মসূচি পালন করে আসছে। এই স্মৃতি-উদ্যানে ফারাজ হোসেনের নামফলকে লেখা হয়েছে, তিনি ঢাকায় নিজের বন্ধুদের ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিণতিতে সন্ত্রাসীরা তাঁকেও হত্যা করে।
বন্ধুদের জন্য আত্মোৎসর্গকারী ফারাজ আইয়াজ হোসেনকে গত বছরের ২০ নভেম্বর দেওয়া হয় মাদার তেরেসা পুরস্কার। মরণোত্তর মাদার তেরেসা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ফারাজই প্রথম।
বেসরকারি প্রতিষ্ঠান হারমনি ফাউন্ডেশন হোলি আর্টিজান হামলার ঘটনায় সাহসী ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ফারাজকে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস’-এ ভূষিত করে। ভারতের মুম্বাইভিত্তিক এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই বলেন, ফারাজ সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি তাঁর বন্ধুদের পক্ষে দাঁড়িয়েছিলেন। এ কারণে তিনি একজন ‘বীর’।
ফারাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতাকে সম্মান জানিয়ে গত বছর অক্টোবরে ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার’ দেওয়ার ঘোষণা দেয় পেপসিকো গ্লোবাল। পুরস্কারের ঘোষণায় পেপসিকো গ্লোবালের পক্ষ থেকে বলা হয়, তিনি (ফারাজ) প্রকৃত বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করে বন্ধুদের জন্য জীবন উৎসর্গ করেছেন, দৃঢ়তার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে ভিন্ন ভিন্ন গোষ্ঠী, ধর্ম ও জাতীয়তার মানুষের মানবিকতাকে একসূত্রে সংযুক্ত করেছেন। ফারাজের কাজের মধ্য দিয়ে বিশ্ব এখন জানে, বাংলাদেশ এ ধরনের মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়ায়।
এই পুরস্কারের অর্থমূল্য ১০ হাজার ডলার। আগামী ২০ বছর এই পুরস্কার দেওয়া হবে। প্রথমবার এই পুরস্কার পান মাদারীপুরের মিরাজ সরদার। মাদারীপুরের কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী জঙ্গিকে হাতেনাতে ধরে ফেলেন মিরাজ। পরে হত্যার চেষ্টাকারী ওই জঙ্গিকে পুলিশের হাতে সোপর্দ করেন। গত ৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মিরাজের হাতে এই পুরস্কার তুলে দেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি। সনদ তুলে দেন জুরিবোর্ডের আহ্বায়ক স্যার ফজলে হাসান আবেদ।
১ জুলাই নিহত ফারাজ আইয়াজ হোসেন আর অবিন্তা কবির ছিলেন বন্ধু। দুজনেই যুক্তরাষ্ট্রের আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। নিজেদের দুই সাহসী শিক্ষার্থীর আত্মত্যাগকে সম্মান জানাতে, তাঁদের স্মৃতি ধরে রাখতে এ বছর ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়টি তাদের অক্সফোর্ড কলেজ ক্যাম্পাসে উদ্বোধন করে ‘হোসেন-কবির কক্ষ’।
এ বছর ২৭ ফেব্রুয়ারি ফারাজ আইয়াজ হোসেনের নামে একটি শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই শিক্ষাবৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোক্তা বিভাগে একজন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিনা বেতনে পড়ার সুযোগ দেবে।
এ ছাড়া ফারাজের স্মরণে চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গত ১৭ আগস্ট ফারাজ চত্বর উদ্বোধন করা হয়। স্থানীয় সাংসদ মইন উদ্দীন খান বাদল এ চত্বর উদ্বোধনের সময় সেখানে একটি নাগেশ্বরগাছের চারা রোপণ করেন। অক্টোবরে ফারাজের স্মরণে যৌথ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশে (এনডিএফ বিডি) ও রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব (আরএমসি ডিসি)। ‘রুখো জঙ্গিবাদ, রুখো মৌলবাদ’ স্লোগানে গত বৃহস্পতিবার থেকে নওগাঁয় ফারাজ আইয়াজ হোসেন স্মৃতি গাদন প্রতিযোগিতা শুরু হয়েছে।
°প্রার্থনা-স্মরণ
নিউইয়র্কের রিভারহেড এলাকার সেন্ট জন দা ইভানজেলিস্ট রোমান ক্যাথলিক চার্চের পক্ষ থেকে ফারাজের মা সিমিন হোসেন ও ভাই যারেফ আয়াত হোসেনকে জানানো হয়েছে, ১ জুলাই নিউইয়র্ক সময় বিকেল পাঁচটায় ফারাজের বিদেহী আত্মার স্মরণে এক বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন তাঁরা। চার্চের যাজক ফাদার ল্যারি ডাংকলি তাঁর স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রার্থনাসভার কথা ফারাজের পরিবারকে জানান।
হোলি আর্টিজান হামলায় নিহত নয় ইতালীয় নাগরিকদের দুজন দেশটির লোমবার্দি এলাকার বাসিন্দা ছিলেন। লোমবার্দি সরকারের উদ্যোগে নিহত ব্যক্তিদের স্মরণে রোম থেকে প্রায় সাড়ে ছয় শ কিলোমিটার দূরবর্তী ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনের ফ্লেত্তো উম্বের্তো এলাকার পিয়াচ্ছা লিবের্তায় শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় এক বিশেষ প্রার্থনা ও শোকসভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে মিলানের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল রফিকুল করিম উপস্থিত থাকবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বৃহস্পতিবার এক বার্তায় সমবেদনা জানিয়ে বলেন, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন সিমিন হোসেন ও তাঁর পরিবারের পাশে থাকবে। মেয়র আরও বলেন, ‘আমরা আপনার প্রিয় সন্তান ফারাজের বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁকে কখনোই ভুলব না’।