
বিএনপির নেতারা বলেছেন, তিস্তা নদীর পানির ওপর নির্ভর করছে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক। তাঁরা বলেন, ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে ৫৪টি নদী এসেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ এখান থেকে ন্যায্য পানি পাবে। ভারত বড় দেশ বলে জোর করে এ দেশের মানুষের অধিকার হরণ করবে আর তাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, এটা হতে পারে না।
পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারাজ অভিমুখে লংমার্চের সমাপনী সমাবেশে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এসব কথা বলেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া এলাকায় তিস্তা ব্যারাজ-সংলগ্ন হেলিপ্যাড মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় হবে তখনই, যখন তারা প্রতিদিন ১০ হাজার কিউসেক পানি বাংলাদেশকে দেবে। এবং এই ধারাবাহিকতা ভারতকে অব্যাহত রাখতে হবে। তা না হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশ ভারতের কাছ থেকে অতিরিক্ত কিছু চাইছে না। তার পাওনাটা চাইছে। সেটা না দিলে বন্ধুত্ব হয় কী করে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তিস্তায় পানি বাড়লে ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ হবে। আর পানির পরিমাণ কমলে সম্পর্কেও উষ্ণতায় থাকবে না।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করতে পারবে না। পানিও আনতে পারবে না। কেননা এরা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। যাদের ধরে ক্ষমতায় আছে তাদের বেজার করার সাহস নেই। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে ক্ষমতায় এনে ভারতের কাছ থেকে দাবি আদায় করতে হবে। তিনি এও বলেন, ‘এই সরকারের সঙ্গে ভারতের যেমন ভালোবাসাবাসি, প্রেম ও দহরম-মহরম আছে, তাই দেশের মানুষ আশা করেছিল, তারা হয়তো তিস্তা চুক্তি করতে পারবে।’
মির্জা ফখরুলের নেতৃত্বে গত মঙ্গলবার সকালে রাজধানী ঢাকা থেকে গাড়িযোগে বিএনপির লংমার্চ শুরু হয়। ওই দিন যাত্রাপথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় ছয়টি পথসভা অনুষ্ঠিত হয়।
লংমার্চের সমাপনী দিনে গতকাল বুধবার সকাল নয়টায় রংপুর শহরে প্রথম সমাবেশ করে বিএনপি। এরপর তিস্তা ব্যারাজ অভিমুখে যাত্রা শুরু হয়। দুপুর ১২টার দিকে লংমার্চের গাড়ির বহর তিস্তা ব্যারাজে এসে পৌঁছায়। প্রথম দিনে দলীয় নেতা-কর্মীদের মধ্যে লংমার্চ ঘিরে তেমন আগ্রহ না থাকলেও গতকাল ব্যারাজ এলাকায় ব্যাপক উপস্থিতি ছিল। প্রচণ্ড গরমের মধ্যে সকাল ১০টা থেকে খোলা মাঠে জমায়েত শুরু হয়। সমাবেশ শেষ হওয়ার আগেই অনেকে মাঠ ছেড়ে চলে যান।
প্রথম দিন না থাকলেও গতকাল লংমার্চের সমাপনী দিনে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শরিক দলগুলো অংশ নিয়েছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমানসহ অন্তত ৪০ জন বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব।