বন্ধুত্বের মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে ‘হিরণ্ময় অ্যালামনাই মেলবন্ধন ২০১৬’-এর উদ্বোধন করা হয়। ছবি: সাইফুল ইসলাম
বেলুন উড়িয়ে ‘হিরণ্ময় অ্যালামনাই মেলবন্ধন ২০১৬’-এর উদ্বোধন করা হয়। ছবি: সাইফুল ইসলাম

দুজনের পরনে একই ধরনের কোট, মাথায় কাউবয় টুপি আর চোখে গোলাকৃতির রোদচশমা। যেন যমজ ভাই। হাতে সেলফি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারাক্ষণ। পরিচিতজন পেলেই সঙ্গে নিয়ে ছবি তুলছেন।
কিন্তু গল্পটা এমন নয়। একজনের বাড়ি পটুয়াখালী আরেকজনের বরিশাল। মুক্তিযুদ্ধের সময় দুজনই ছিলেন কলেজপড়ুয়া। তাঁদের পরিচয় ১৯৭৭ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। আমিনুল হোসেন সমাজবিজ্ঞানের আর এ কে এম আনিসুজ্জামান গণিত বিভাগের ছাত্র ছিলেন। থাকতেন তৎকালীন ইকবাল হলে (শহীদ সার্জেন্ট জহুরুল হক হল)। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। দীর্ঘ ৪০ বছর পরও অটুট সে বন্ধন।

এমনই আরেকটি বন্ধুত্বের গল্প। হাবিব ইব্রাহীম ও আফসানা আফরোজ। একজন মার্কেটিং বিভাগে, অন্যজন বাংলা বিভাগের ১৯৯৫ সালের শিক্ষার্থী। রোকেয়া হলের সামনে আড্ডা দেওয়ার সময় কোনো এক সাংবাদিক তাঁদের অজান্তে ছবি তুলেছিলেন। পত্রিকার ফিচার পাতায় ছাপা হওয়া সে ছবিই তাঁদের চিরকালের ছবিতে রূপ নেয়। দুই ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন এই দম্পতি।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় মানুষগুলোকে কাছে পেয়ে চলছে কুশল বিনময়। ছবি: সাইফুল ইসলাম
বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় মানুষগুলোকে কাছে পেয়ে চলছে কুশল বিনময়। ছবি: সাইফুল ইসলাম

এমন হাজারো বন্ধুত্বের গল্প মিলিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজ শনিবার আয়োজন করে ‘হিরণ্ময় অ্যালামনাই মেলবন্ধন ২০১৬’। দিনভর আনন্দ-উল্লাস আর আড্ডায় মেতে ছিলেন সবাই। আট হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় এলাকা।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদের মতে, এ মেলবন্ধন তারুণ্যের। বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম অ্যালামনাই সদস্য মিজবাহ উল বার চৌধুরীকে তিনি পরিচয় করিয়ে দিলেন ৯৭ বছর বয়সী ‘তরুণ’ হিসেবে। তিনি ছিলেন আজকের প্রধান অতিথি। সকালে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

স্মৃতি ধরে রাখতে চলছে দল বেধে ছবি তোলা। ছবি: ছবি: সাইফুল ইসলাম
স্মৃতি ধরে রাখতে চলছে দল বেধে ছবি তোলা। ছবি: ছবি: সাইফুল ইসলাম

মিজবাহ উল বার চৌধুরী বলেন, ‘আদর্শের যে বাণী নিয়ে পাঠশালা ছেড়েছিলাম, সেটি প্রস্ফুটিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ে এসে। তখন এখানে শিক্ষকেরা যেমন ছাত্রদের প্রতি সচেতন ছিলেন, শিক্ষকদের প্রতি ছাত্রদেরও ছিল অগাধ শ্রদ্ধা।’ তিনি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষকে তিনটি যুগে ভাগ করেন। এক. সত্যবাদিতা ও আদর্শের যুগ, দুই. অস্থিরতার যুগ এবং তিন. আশ্চর্য পরিবর্তনের যুগ। তিনি বলেন, ‘আগে হলের যে আদর্শ পরিবেশ ছিল সেটি আর নেই। এখন ছাত্রদের মধ্যে দলীয় রাজনীতি প্রবেশ করেছে। হলে মারামারি, গালাগালি অত্যাচার আর পলিটিক্যাল পার্টির আগ্রাসনের কারণে সেটি নষ্ট হয়ে গেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, জাতীয় পর্যায়ে যা কিছু অর্জিত হয়েছে, তার সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে রোপিত সেই ছোট্ট চারাটি আজ মহিরুহে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘সন্তান যখন সংকটের সময় মাকে স্মরণ করে, তেমনি জাতির সংকটে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মায়ের মতোই এগিয়ে আসে। আমাদের চিন্তাভাবনা সুনির্দিষ্টভাবে বেড়ে ওঠে এই ক্যাম্পাসে, তা সবটুকু বিলিয়ে দিয়ে নিঃশেষ হোক এখানেই, এই ধরনের অনুধাবন আমাকে সব সময় ঘিরে থাকে।’

দীর্ঘ সময় পর দেখা। চলছে কুশল বিনময়। ছবি: সাইফুল ইসলাম
দীর্ঘ সময় পর দেখা। চলছে কুশল বিনময়। ছবি: সাইফুল ইসলাম

সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, যা সব সময় টিকে থাকে, তা হচ্ছে পরিবর্তন। বিশ্বকে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে।

বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই বিশ্ববিদ্যালয় গৌরবোজ্জ্বল অতীতের সঙ্গে এগিয়ে চলেছে। পেছনে ফিরে তাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সব সময় সত্য প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে। এই সত্যের ঝান্ডা নিয়ে আরও এগিয়ে যেতে হবে।

বিতর্ক অনুষ্ঠানে একালের পক্ষে যুক্তি তুলে ধরেন অধ্যাপক অজয় রায়। ছবি: সাইফুল ইসলাম
বিতর্ক অনুষ্ঠানে একালের পক্ষে যুক্তি তুলে ধরেন অধ্যাপক অজয় রায়। ছবি: সাইফুল ইসলাম

সংগঠনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ ছাত্রী আফিয়া দিল এবং সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা খালেক। পরে ‘একালের চেয়ে সেকালই ভালো’ শীর্ষক বিতর্ক হয়। বিপক্ষ দলে ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় রায়, প্রাক্তন ছাত্রী তালেয়া রেহমান। পক্ষে ছিলেন আল-মামুন, নবনীতা চৌধুরী ও সঞ্জীব সাহা। বিতর্কে উপস্থিতির ভোটে পক্ষের দল বিজয়ী হয়। পরে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, শীতকালীন আড্ডা ও রাতে সংগীতানুষ্ঠান হয়।

পুরোনো দিনের গল্পে মেতে ওঠেন বর্তমান আইজিপি শহীদুল হক। ছবি: সাইফুল ইসলাম
পুরোনো দিনের গল্পে মেতে ওঠেন বর্তমান আইজিপি শহীদুল হক। ছবি: সাইফুল ইসলাম