বন্ধুদের সম্মানিত করল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের উত্তাল দিনগুলোতে তাঁরা পাশে দাঁড়িয়েছিলেন। শুধু রণাঙ্গনেই নয়, হাত বাড়িয়েছিলেন সব অঙ্গনেই। পরিণতিতে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশের অভ্যুদয়। চার দশক পর তাঁদেরই জন্য আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তাঁরা এলেন। লাল-সবুজের বাংলাদেশ বন্ধুদের মনে রেখেছে—এটা দেখে তাঁরা মুগ্ধ ও বিমোহিত। আনন্দের ক্ষণে তাঁদের চাওয়া—বাংলার জয় হোক। মহান মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের বাংলাদেশের জন্য ভালোবাসা আর শুভকামনার মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান অনুষ্ঠান।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের মহানুভবতা এ দেশের মানুষের হূদয়ে চিরকাল সজীব থাকবে।’ আর প্রধানমন্ত্রী বললেন, ‘বিদেশি বন্ধুরা মুক্তিযোদ্ধাও বটে। তাঁদের সম্মান দিয়ে আমরা নিজের দেশের মানুষকেও সম্মানিত করছি।’স্বাধীনতার চার দশক পূর্তিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো বিদেশিদের সম্মান জানাতে গতকাল তৃতীয় পর্বের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে দুজনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং ৫৯ ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। এর আগে গত বছর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মানিত করার প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ২৫ জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সাবেক প্রধানমন্ত্রীর পুত্রবধূ ও কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধীর হাতে তুলে দেন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’। আর চলতি বছরের ২৭ মার্চ ৮২ ব্যক্তি ও সংগঠনকে দুটি আলাদা শ্রেণীতে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে আটজনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং ৭৪ ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। প্রামাণ্যচিত্রে স্মৃতিময় ক্ষণগুলো: লাল-সবুজের আবহে সেজেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তন। সকাল ১০টার পর প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে শুরু হয় অনুষ্ঠান। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বিদেশি বন্ধু ও তাঁদের প্রতিনিধিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শুরুতেই দেখানো হয় মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্র। এতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পর্যায়ক্রমিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়। বিশেষভাবে দেখানো হয় মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদানের বিষয়টি।প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা একে একে সম্মাননা পাওয়া ব্যক্তি, সংগঠনের নাম ও তাঁদের অবদানের তথ্য তুলে ধরেন।বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর বাজানো হয় জাতীয় সংগীত। এরপর রাষ্ট্রপতি সম্মাননা পাওয়া বিদেশি বন্ধুদের হাতে স্মারক এবং প্রধানমন্ত্রী মানপত্র তুলে দেন। শুরুতেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ নেন ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। একই শ্রেণীতে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর মেয়ে সুজাতা কৈরালা। গতকাল সম্মাননা পাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের তালিকায় রয়েছেন ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী নৃপেণ চক্রবর্তী, অর্থনীতিবিদ অশোক মিত্র, ইতিহাসবিদ নীহার রঞ্জন রায়, সমাজসেবী গৌরি আইয়ুব, ঔপন্যাসিক মৈত্রেয়ী দেবী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কাইফি আজমী, গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার ও গোবিন্দ হালদার, সাংবাদিক অভীক সরকার, হিরণ্ময় কার্লেকার, ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম ও মার্কিন রাজনীতিবিদ জোয়ান ডাইন।