বন্ধুদের সহায়তায় স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
বন্ধুদের সহযোগিতায় স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দী করছিলেন এক নারী। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে খবর দেয় পুলিশে। পুলিশ গিয়ে বস্তাবন্দী লাশসহ ওই নারীকে গ্রেপ্তার করে। তবে পালিয়ে গেছে তাঁর বন্ধুরা।বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে পাবনা পৌর এলাকার কালাচাঁদপাড়া মহল্লায়। নিহত ব্যক্তির নাম মোশারফ হোসেন মৃধা (৫৫)। তাঁর স্ত্রী কুলসুম নাহার বিউটিকে (৪৫) সদর থানা হাজতে রাখা হয়েছে।এলাকাবাসী ও মোশারফের পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার মোশারফ হোসেন মৃধা ১৯৭৮ সালে কুলসুম নাহার বিউটিকে বিয়ে করেন। তাঁদের দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। তিনি কাজের জন্য সৌদি আরবে ছিলেন। ২০০০ সালে সেখান থেকে দেশে ফিরে বড় ছেলেকে সৌদি আরবে পাঠান। দুই মেয়েকেও বিয়ে দেন। তিনি প্রবাসে থাকাকালে তাঁর স্ত্রীর কয়েকজন ছেলে বন্ধু ছিল। দেশে ফেরার পর বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। একপর্যায়ে মোশারফ হোসেন লোকলজ্জার ভয়ে পৈতৃক বাড়ি ছেড়ে স্ত্রীকে নিয়ে শহরের কালাচাঁদপাড়া মহল্লায় বাসা ভাড়া নেন। সেখানে তাঁরা থাকতেন। তাঁদের ছোট ছেলে ঢাকায় চাকরি করে।মোশারফ হোসেনের বর্তমান প্রতিবেশী আমিন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরে খাওয়াদাওয়া শেষে তিনি ঘুমাতে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে মোশারফ হোসেনের বাড়িতে ধস্তাধস্তির শব্দ পান। এগিয়ে গিয়ে দরজা খুলতে বললে শব্দ থেমে যায়। এ সময় ভেতর থেকে মোশারফ হোসেনের স্ত্রী কুলসুম নাহার তাঁকে বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী যা খুশি করছি, এতে আপনার কী। আপনি চলে যান।’ আমিন উদ্দিন সন্দেহবশত ঘটনাটি অন্য প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ এসে বস্তাবন্দী অবস্থায় মোশারফ হোসেনের লাশ উদ্ধার এবং স্ত্রী কুলসুম নাহার বিউটিকে গ্রেপ্তার করে।শুক্রবার সকালে থানা হাজত থেকে কুলসুম নাহার হত্যার ঘটনা স্বীকার করে প্রথম আলোকে বলেন, সাত থেকে আট মাস আগে জেলার সুজানগর উপজেলার রুহুল আমিনের (৩০) সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। তাঁরা মুঠোফোনে কথা বলতেন এবং দেখা করতেন। বিষয়টি তাঁর স্বামী মেনে নেননি। তিনি তাঁর ওপর অত্যাচার করতেন। তাই তাঁর বন্ধু রুহুল আমিন ও সোলায়মানের সহযোগিতায় হত্যাকাণ্ডটি হয়েছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান বলেন, ‘আমরা ঘরে ঢুকে বিছানার ওপর বস্তাবন্দী লাশটি দেখতে পাই। এ সময় ঘরে আর কোনো মানুষ ছিল না। শুধু ওই নারীকেই পাওয়া যায়। লাশের সুরতহাল করতে গিয়ে গলায় দড়ি দিয়ে পেঁচানোর চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশটি গুম করার জন্য বস্তাবন্দী করা হচ্ছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘাতকের সহযোগীরা পালিয়ে যায়। ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, ঘাতক হত্যার কথা স্বীকার করেছে। কিন্তু নিহতের পরিবার থেকে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহতের চাচাতো ভাই ইয়াছিন আলী মৃধা বলেন, নিহতের দাফন কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু করা সম্ভব নয়। দাফন-কাফন শেষ হলে আইনগত প্রক্রিয়া করা হবে।