বন্ধুমেলার প্রাণবন্ত আয়োজন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা গতকাল রোববার আয়োজন করে ঢাকা মহানগর বন্ধুমেলার। মেলার স্লোগান ছিল ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’। বেলা সাড়ে তিনটায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে বন্ধুমেলার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান। তিনি বলেন, ‘বাঙালিদের প্রেরণার দিন চৈত্রসংক্রান্তিতে বন্ধুসভার এ আয়োজন আমাদের জন্য সত্যি আনন্দের।’
বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বন্ধুমেলার উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ডকুমেন্টারি পরিবেশন করা হয়। বন্ধুদের আবৃত্তি, গান, নৃত্য, মূকাভিনয়, কৌতুক পরিবেশনা এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। আরও গান করেন কণ্ঠশিল্পী মাহাদী।
উল্লেখ্য, ১০ এপ্রিল আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী উৎসব। ১১ এপ্রিল ছিল পুনর্মিলনী ও চলচিত্র প্রদর্শনী। ১২ এপ্রিল সাংস্কৃতিক আয়োজন। ১৩ এপ্রিল সমাপনী উৎসব ও ঢাকা মহানগর বন্ধুমেলা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ ছাড়া সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাফেয়ার্স, অন্যরকম গ্রুপ ও গ্র্যাভিটি।