বন্ধুর গায়ে পেট্রল ঢেলে হত্যা করল আরেক বন্ধু
অন্তরঙ্গ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ছিলেন হারুন অর রশীদ ও মাসুদ বিল্লাহ। ব্যবসার লেনদেন নিয়ে বিবাদ, গত রোববার সন্ধ্যায় বাগিবতণ্ডা, একপর্যায়ে বন্ধুর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন মাসুদ। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।নিহতের বড় বোন আকলিমা আক্তার জানান, মাসুদের সঙ্গে পরিবহনের ব্যবসা ছিল হারুনের। দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও ছিল। হারুনের বাড়ি যাত্রাবাড়ীর কোনাপাড়ার কাঠেরপুল এলাকায়। সম্প্রতি একটি গাড়ি কেনার টাকা নিয়ে তাঁদের মধ্যে ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। মৃত্যুর আগে হারুন স্বজনদের জানান, গত রোববার বিকেলে টাকা দেওয়ার কথা বলে হারুনকে কাজলার ভাঙা প্রেস এলাকায় ভাই মাসুমের বাসায় ডেকে নিয়ে যান মাসুদ। ওই বাসায় মাসুদের দুই ভাই মাসুম ও খলিলও ছিলেন। তাঁদের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁরা তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়লে তাঁর ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা।এ ঘটনার পর রোববার রাতেই হারুনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ও পরে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আবুল কাশেম জানান, নিহতের স্ত্রী একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যবস্থা নেবে।