বন্ধুর ছেলেকে অপহরণ! পুলিশের হাতে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুর শিশুসন্তানকে অপহরণের পর পুলিশের হাতে ধরা পড়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের লিবিয়াফেরত মো. সুমন। নোয়াখালীর সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. এয়াছিন প্রথম আলোকে বলেন, চরবাটা গ্রামের মো. সুমন ও ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের মো. সেলিম ছিলেন লিবিয়া প্রবাসী। সেখানে তাঁদের দুজনের বন্ধুত্ব হয়। লিবিয়ায় যুদ্ধের কারণে তাঁরা দুজনই দেশে ফিরে আসেন।পুলিশ সূত্র জানায়, গত শনিবার সুমন বন্ধু সেলিমের গ্রামের বাড়িতে বেড়াতে যান ও সেখানে রাত যাপন করেন। গতকাল সকাল আটটার দিকে সুমন তাঁর বন্ধুর সাড়ে তিন বছরের শিশুপুত্র ফাহিমকে কোলে নিয়ে বাড়ির কাছে দোকানের দিকে যান। পরে সকাল ১০টার দিকে তাঁর মুঠোফোন থেকে সেলিমকে ফোন করে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বিকেলের মধ্যে টাকা না দিলে শিশু ফাহিমকে হত্যার হুমকিও দেন তিনি।পুলিশ সূত্র আরও জানায়, সেলিম এ ব্যাপারে দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির কপি নিয়ে সুধারাম থানায় গেলে থানার এসআই মো. ইয়াছিন সেলিমের মাধ্যমে ফোন করে সুমনের অবস্থান নিশ্চিত হন ও মুক্তিপণের টাকা দেওয়ার লোভ দেখান। এ সময় সুমন বন্ধু সেলিমকে প্রথমে সুবর্ণচরের খাসেরহাট রাস্তার মাথা, পরে খাসেরহাট বাজারে যাওয়ার কথা বলেন। সুমনের দেওয়া ঠিকানা অনুযায়ী সেলিম খাসেরহাট বাজারে গেলে সুমন তাঁকে একটি চায়ের দোকানের ভেতরে নিয়ে যান। এ সময় বাজারে অবস্থান নেওয়া সাদা পোশাকের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে সুমনের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর চরবাটা গ্রামের বাড়ি থেকে শিশু ফাহিমকে উদ্ধার করা হয়।এসআই এয়াছিন জানান, এ ঘটনায় সুধারাম থানায় জিডি এবং দাগনভূঞা থানায় নিয়মিত মামলা করা হবে।