বন্ধুর জন্মদিনে খাবার কিনে ফেরা হলো না তাদের
বন্ধুর জন্মদিন উপলক্ষে মোটরসাইকেল নিয়ে খাবার কিনতে বেরিয়েছিল দুই বন্ধু সাব্বির হোসেন (১৯) ও ফেরদৌস আলম খান (১৭)। কিন্তু খাবার কিনে তাদের আর জীবিত ফেরা হলো না। সড়ক বিভাজকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে দুজনই।রাজধানীর খিলগাঁও উড়াল সড়কের ৫০ গজ দক্ষিণে বাসাবো এলাকায় গতকাল রোববার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষ ও ফেরদৌস মাদারটেকের একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সাব্বিরের বাসা দক্ষিণ বাসাবো ও ফেরদৌসের বাসা গোড়ানের বনশ্রীতে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালের কারণে মোটামুটি ফাঁকা সড়কে মোটরসাইকেলটি চালাচ্ছিল ফেরদৌস, আর পেছনে বসা ছিল সাব্বির। হঠাৎ মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। ফেরদৌস ঘটনাস্থলেই মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা ১১টার দিকে মারা যায় সাব্বির।খবর পেয়ে তাদের স্বজন ও বন্ধুবান্ধব হাসপাতালে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন সাব্বিরের বাবা ভ্যানচালক মোতালেব মিয়া। ফেরদৌস মারা গেছে, তা বিশ্বাসই করতে পারছিলেন না তার বড় ভাই নূরুল আলম খান। ছলছল চোখে বার বার আকাশের দিকে তাকাচ্ছিল নিহত দুজনের বন্ধু তামিম হাসান। গতকাল ছিল তার জন্মদিন।মোতালেব মিয়া বলেন, ‘খুব কষ্ট হলেও সাব্বিরকে লেখাপড়া করাচ্ছিলাম। স্বপ্ন ছিল সে উচ্চশিক্ষিত হবে, সংসারের অভার দূর করবে। আজ আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল।’তামিমের বাসা বাসাবোর ছায়াবীথি এলাকায়। সে বলে, জন্মদিন উপলক্ষে সকাল আটটার দিকে সাব্বির ও ফেরদৌস তার বাসায় আসে। কিছুক্ষণ পর তামিমের মোটরসাইকেল নিয়ে তারা দুজন খাবার কিনতে যায়। এর ঘণ্টা খানেক পর তামিম দুর্ঘটনার খবর পায়। থানায় গিয়ে মোটরসাইকেলে প্যাকেটভর্তি খাবার দেখেছে সে।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল আহসান বলেন, ফেরদৌস ও সাব্বিরের মাথায় হেলমেট ছিল না। তাদের দুজনের গ্রামের বাড়িই বরিশালে। ময়নাতদন্ত শেষে দুটি লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।