বন্ধুর জন্য প্রাণ দিল শরিফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বড় বাজার গ্রামে গত বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে শরিফুল ইসলাম (১৪) নামের এক কিশোর। শরিফুলের চেষ্টায় বন্ধুটি বেঁচে গেলেও সে নিজে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
গ্রামবাসী জানান, শীতের সন্ধ্যায় গ্রামের মাঠে ব্যাডমিন্টন খেলার আয়োজন চলছিল। এ সময় বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে মামুন রহমান (১৪) নামের এক কিশোর তারে আটকে যায়। তার চিৎকারে শরিফুল ছুটে গিয়ে মামুনকে মুক্ত করে। কিন্তু সে নিজে তারে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই শরিফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সে উপজেলার আমতলী বড় বাজার গ্রামের রেজাউল করিমের ছেলে। তারা দুই বন্ধুই এবার জেএসসি পরীক্ষা দিয়েছিল।
এলাকাবাসী অভিযোগ করেন, বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে সন্ধ্যায় আলোর ব্যবস্থা করে ব্যাডমিন্টন খেলা চলে।