বন্ধুর পরীক্ষা দিতে এসে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুর দাখিল পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছে এক মাদ্রাসাছাত্র। গত বৃহস্পতিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। গ্রেপ্তার হওয়া ওই ছাত্রের নাম আবু তাহের। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সদর উপজেলা ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসার ছাত্র।কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের হল সুপার মো. আবদুল খালেক জানান, ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসার ছাত্র ও ভোমরা গ্রামের রহমত আলীর ছেলে আবদুল্লাহের (নিবন্ধন নম্বর-৮১৩৮০৬, রোল নম্বর-২২৬১০১) কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা। এ জন্য সে তার নামে পরীক্ষা কেন্দ্রের সচিব ও কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার সুপার এম এ রুহুল কুদ্দুসের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়েছে। কিন্তু আবদুুল্লাহের পরিবর্তে তার বন্ধু আবু তাহের বুধবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাশরুবা ফেরদৌস জানান, পরিদর্শক দলের প্রধান হিসেবে আবু তাহেরকে বৃহস্পতিবার একটার দিকে ওই পরীক্ষা কেন্দ্রের ৩ নম্বর রুম থেকে তিনি গ্রেপ্তার করার নির্দেশ দেন। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। নির্বাহী হাকিম আরও জানান, ভুয়া পরীক্ষার্থীকে প্রত্যয়নপত্র দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে এম এ রুহুল কুদ্দুসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।