বন্ধুর মৃত্যুশোকে ভাইবোনের আত্মহত্যা
সিলেটে বন্ধুর আত্মহত্যার শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন ভাই ও বোন। তাঁরা হচ্ছেন সিলেট নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার গ্রিনসিটি আবাসিক এলাকার দিপু পুরকায়স্থ (২৬) ও তাঁর বোন জেনি পুরকায়স্থ (২৪)। তাঁদের বাবার নাম গিরিধন পুরকায়স্থ। তাঁদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। গিরিধন পরিবারসহ সিলেট নগরে ভাড়াবাসায় থাকেন। গত বুধবার রাত আটটায় নিজেদের ঘর থেকে দিপু ও জেনির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে ঘুমের অতিরিক্ত ওষুধ সেবন করে তাঁদের বন্ধু চিকিৎসক জয় গোস্বামী আত্মহত্যা করেন। জয় জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সিলেট নগরের শামীমাবাদ আবাসিক এলাকায় থাকতেন এবং ‘আরোগ্য ক্লিনিক’ নামের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জয়, দিপু ও জেনি দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ বন্ধু। জয়ের আত্মহত্যার খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই ভাইবোন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন। তাঁরা একটি চিরকুটে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে গেছেন।
দিপু সম্প্রতি প্রকাশিত ৩৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হন। জেনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, আত্মহত্যাকারী তিনজন প্রায় সময় একত্রে চলাফেরা করতেন। চিকিৎসক বন্ধু জয়ের মৃত্যুসংবাদ শুনে দুই ভাইবোন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।