বন্ধুর সঙ্গে গিয়ে ২০ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরে বন্ধুর সঙ্গে গিয়ে আরেক বন্ধু ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় অপহরণ মামলা হলে গত শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিখোঁজ বন্ধুর নাম আল আমিন (১৭)। তার বাড়ি মহানগরের ভদ্রা জামালপুর এলাকায়। সে একজন অটোরিকশার চালক। গ্রেপ্তার হওয়া তিনজন হলো, অটোরিকশার চালক মো. জুয়েল (১৬), মো. ওয়াহেদ (১৮) ও মো. সোহাগ (১৬)। তাদের বাড়ি মহানগরের বিভিন্ন এলাকায়। গত বুধবার রাজশাহী মহানগরে বন্ধুদের হাতে খুন হওয়া বন্ধুর লাশ উদ্ধারের খবর শোনার পর আল আমিনের মা নাসরিন বেগম বোয়ালিয়া থানায় অপহরণের মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, সন্দেহভাজন হিসেবে জুয়েল, ওয়াহেদ ও সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গতকাল রাজশাহী মহানগর হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আজ রোববার রিমান্ড আবেদনের শুনানি হবে।আল আমিনের বড় ভাই মাসুদ রানা প্রথম আলোকে জানান, আল আমিন ৮ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার পর আল আমিনের মুঠোফোন থেকে জুয়েল তাঁর (মাসুদ) মায়ের কাছে ফোন দেয়। মায়ের সঙ্গে আল আমিন সেজে কথা বলে জুয়েল। তার মা বিষয়টি ধরে ফেললে জুয়েল ফোন রেখে দেয়। পরে ফোন করলেও সে ধরেনি।গ্রেপ্তার হওয়া জুয়েল পুলিশকে জানায়, নগরের ভদ্রা জামালপুর এলাকায় রবি (১৬) নামের এক ছেলের সঙ্গে বদলি অটোরিকশা চালাত আল আমিন। এখন সে পলাতক। মামলা হওয়ার আগে রবি আল আমিনের মাকে জানায়, আল আমিন ভারতে চলে গেছে। গত বুধবার রাজশাহী মহানগরের একটি ছাত্রাবাসের সেপটিক ট্যাংক থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাদিমুজ্জামান সাদের লাশ উদ্ধার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে ধরা পড়ে অভিযুক্ত বন্ধুরাই সেপটিক ট্যাংকের ঢাকনা সরিয়ে লাশ বের করে। তারও আগে গত ২২ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজের ক্যানটিনের পেছনের নালা থেকে একইভাবে হত্যা করে পুঁতে রাখা মাহবুবুল আলম (রাসেল) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী তাঁর দুই বন্ধু জ্যোতির্ময় সরকার ও সাব্বির হোসেনের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে।