বন্ধুর হাতে খুন হয়েছেন রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার জনসন রোডের মীম হোটেলের কর্মচারী রুবেলকে তাঁর বন্ধুরাই হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার এ কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া রুবেল, রোমান ও রনি বিশ্বাস। ঢাকার মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ আসামি রোমানের এবং হাকিম জি এম আল মাসুদ আসামি রুবেল ও রনি বিশ্বাসের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি নেওয়ার পর তিনজনকেই কারাগারে পাঠানো হয়। সূত্র জানায়, সূত্রাপুর থানার পুলিশ মীম হোটেলের কর্মচারী রুবেলকে হত্যা ও চাঁদাবাজির একটি মামলায় গতকাল এ তিন আসামিকে আদালতে হাজির করে। এরপর চাঁদাবাজির মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, তিনজনই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বলেন, নিহত রুবেল ও তাঁরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একই রেস্তোরাঁয় তাঁরা কাজ করতেন। এক সপ্তাহ আগে রোমানকে রেস্তোরাঁর কাজ থেকে বাদ দেওয়া হয়। এ নিয়ে হোটেল ম্যানেজারের ওপর তাঁদের ক্ষোভ ছিল। রোমানকে কাজ থেকে বাদ দেওয়ার পরও নিহত রুবেল সেখানে কাজ করতেন। এ নিয়ে বন্ধুরা ক্ষুব্ধ হন। এরপর তিনজনে মিলে পরিকল্পনা করে গত রোববার রাতে মীম হোটেলের পাশে শাহ কামাল হোটেলের একটি পরিত্যক্ত স্টোররুমে নিয়ে হাত-পা বেঁধে রুবেলকে জবাই করেন। তাঁরা জবানবন্দিতে আরও জানান, রোমান চাপাতি দিয়ে রুবেলের মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। কাটা মাথা একটি ব্যাগে ভরে ফেলেন। এরপর মস্তকবিহীন লাশটির বাকি অংশ শাহ কামাল হোটেলের পাশেই গর্ত করে মাটিচাপা দেন। গত সোমবার সেই বিচ্ছিন্ন মাথা প্লাস্টিকের ব্যাগে ভরে মীম হোটেলের ম্যানেজারের কাছে চাঁদা দাবি করলে তিনি কৌশলে সূত্রাপুর থানা পুলিশকে ঘটনাটি জানান। এরপর পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রুবেলের শরীরের বাকি অংশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা করা হয়েছে।