বন্ধুরাই খুন করেন রতনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু বাসুর সঙ্গে বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় এবং আরও বিভিন্ন কারণে পাঁচ বন্ধু মিলে নগরের হাজারিগলির দোকানি রতন দেবনাথকে (২২) হত্যা করেছে। রতনের তিন বন্ধুকে গ্রেপ্তারের পর এ কথা জানা যায়।নগরের কোতোয়ালি থানা পুলিশ গত দুই দিন চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রতনের ওই তিন বন্ধুকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন চন্দন ধর (২০), শ্রীধাম ধর (২১) ও উত্তম দাশ (২০)। তাঁরা হাজারিগলির বিভিন্ন স্বর্ণের দোকানের কর্মচারী। তাঁরাসহ পাঁচ বন্ধু মিলে গত ৪ সেপ্টেম্বর আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে নিয়ে গিয়ে রতন দেবনাথকে খুন করেন বলে অভিযোগ রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় অপর দুই সন্দেহভাজন বাসু ও উজ্জ্বল এখনো পলাতক।গ্রেপ্তারের পর গতকাল শনিবার তিনজনকে থানায় সাংবাদিকদের মুখোমুখি করা হয়।গ্রেপ্তার হওয়া চন্দন ধর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন দাবি করে বলেন, ‘বাসু রতনের বোনকে পছন্দ করত। কিন্তু রতনের বোনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ার পর বাসু আমাদের সবাইকে নিয়ে ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে হাজারিগলি থেকে বের হয়। সেদিন আমরা হেঁটে হেঁটে নতুন সেতু এলাকায় যাই। সেখানে এদিক-সেদিক করে রাত কাটিয়ে পরদিন সকাল সাতটার দিকে একটি সিএনজি অটোরিকশা নিয়ে আমরা পারকি গিয়ে পৌঁছি। সেখানে বাসু রতনের পেটে ছুরি ঢুকিয়ে তাকে খুন করে।’হত্যাকাণ্ডে সহযোগিতা করার কথা স্বীকার করে শ্রীধাম সাংবাদিকদের বলেন, ‘আমি রতনের পা ধরে রেখেছিলাম। এরপর বাসু ছোরা চালায় রতনের পেটে। পরে সবাই মিলে লাশটি একটি খালের অল্প পানিতে বালুর নিচে চাপা দিয়ে আমরা চলে আসি।’