বন্ধুরাই জীবনের আলো
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চতুর্থ শ্রেণির ছাত্র আজিম উদ্দীন শ্রেণিকক্ষে বসে জোরে জোরে বই পড়ছে। তার পাশে বসে আরেক ছাত্র জীবন হোসেন তা মনোযোগ দিয়ে শুনছে। কিছুক্ষণ পর জীবন তা মুখস্থ বলে শোনাল আজিমকে।
জীবন চোখে দেখতে পায় না। কিন্তু সে জন্য থেমে নেই তার লেখাপড়া। সহপাঠী বন্ধুরা বিদ্যালয়ের অবসরে তাকে পড়ে শোনায়। তাতেই পড়া মুখস্থ হয়ে যায়। জীবন হোসেন বলে, বইয়ের কোনো বর্ণ সে পড়তে পারে না। সবকিছু ঝাপসা দেখে। পরীক্ষার সময় কেউ প্রশ্ন পড়ে দিলে সে লিখতে পারে। হাতের মাপে অনেকটা আন্দাজে করে খাতায় লেখে। স্কুলে এলে তার খুব ভালো লাগে। সহপাঠী বন্ধুরা ও শিক্ষকেরা তাকে খুব ভালোবাসেন।
আজিম উদ্দীন বলে, যেকোনো বিষয় দু-তিনবার পড়ে শোনালে জীবন মুখস্থ করতে পারে। প্রতিদিন স্কুলে এসে ক্লাস শুরুর আগে ও টিফিনের ফাঁকে সে জীবনকে বই পড়ে শোনায়। সে ও আরেক বন্ধু আল ইয়াসিন মিলে এই কাজটি প্রতিদিন করে।
সহপাঠীরা বলে, জীবন ভালো গান গাইতে পারে। জীবনের স্বপ্ন সে অনেক বড় শিল্পী হবে।
মাকে নিয়েই জীবনের সংসার। মা মনিরা খাতুন গৃহপরিচারিকার কাজ করে জীবনকে বড় করেছেন। কয়েক বছর আগে বিদ্যালয়ের শিক্ষকেরা মিলে মনিরাকে বিদ্যালয়ে আয়া পদে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
মনিরা খাতুন বলেন, ‘ছেলের লেখাপড়ার প্রতি খুব ঝোঁক। গানের গলাও ভালো। কিন্তু কী করব ভেবে পাইনে।’ স্বামী ছেড়ে চলে যাওয়ার পর ছেলেটাকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন। অভাবের সংসার। ছেলের চোখের ভালো চিকিৎসা করাতে পারেননি। বছর সাতেক আগে খুলনায় চোখের ডাক্তার দেখিয়েছিলেন। একটা ছোট অস্ত্রোপচারও করা হয়। ওই সময় ডাক্তার বলেছিলেন, নতুন চোখ লাগালে ছেলে আবার দেখতে পারবে। কিন্তু অনেক টাকার দরকার। তাই আর ডাক্তারের কাছে যাননি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিয়া শারমিন বলেন, জীবন না এলে বিদ্যালয়ের ছাত্র সমাবেশে জাতীয় সংগীত শুরু করা যায় না। সে একাই পুরো বিদ্যালয় মাতিয়ে রাখে। জীবনের লেখাপড়ার ব্যাপারে তাঁরা আন্তরিক।
প্রধান শিক্ষক কাজী মাহমুদা আক্তার বলেন, যদি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ জীবনের চোখের চিকিৎসায় এগিয়ে আসে, তাহলে সে হয়তো দৃষ্টি ফিরে পাবে।