বন্ধুরাই বিএনপির নেতা বাকী হত্যায় জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল বাকী মিল্টন হত্যাকাণ্ডে তাঁর বন্ধুরা জড়িত বলে ধারণা করছে আবদুল বাকীর পরিবার ও পুলিশ। পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তের পর তাদের ধারণা, জমিসংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, বাকী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী লাবণী জেসমিন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা করেছেন। মামলায় সরাসরি কাউকে আসামি করা না হলেও সন্দেহভাজন হিসেবে বাকীর বন্ধু ও সহযোগী মো. মামুন, কাশেম, সজল, মন্টু, সাইফুলের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে মামুনকে প্রথমে আটক ও পরে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।গত বুধবার আগারগাঁও স্টাফ কোয়ার্টারের ভেতর শেরেবাংলা নগর কেব্ল নেটওয়ার্কের কার্যালয় থেকে বিএনপির নেতা বাকীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই কেব্ল নেটওয়ার্কের মালিক ছিলেন।আবদুল বাকীর স্ত্রী দাবি করেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের সঙ্গে বাকীর সর্বশেষ কথা হয়। তখন তিনি বন্ধুদের সঙ্গে কেব্ল নেটওয়ার্কের কার্যালয়ে (গোলঘরে) ছিলেন। রাত ১১টার পর তাঁর তিনটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়। পরে তিনি বাকীর বন্ধুদের ফোন করলে তাঁরা জানান, তাঁরা গোলঘর থেকে চলে এসেছেন, বাকী তাঁদের সঙ্গে নেই। সকালে তিনি হত্যাকাণ্ডের খবর পান। তাই তাঁদের ধারণা, বাকীর বন্ধুরাই হত্যাকাণ্ডে জড়িত।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ কবীর প্রথম আলোকে বলেন, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে আটক মামুন জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন। মামুন পুলিশকে জানিয়েছেন, তাঁদের বন্ধু কাশেমের এক আত্মীয় শেওড়াপাড়ায় পৌনে তিন কাঠা জমি কিনলেও দখল পাচ্ছিলেন না। তাই জমিটি দখলের দায়িত্ব দেওয়া হয় বাকীকে। বাকী, কাশেম ও একজন আইনজীবীর নামে জমির পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়। বাকী বছর খানেক আগে জমিটি দখল করেন। কাশেম জমিটি তাঁর আত্মীয়কে বুঝিয়ে দিতে বললেও তা না দেওয়ায় তাঁদের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে তাঁরা বাকীকে হত্যার পরিকল্পনা করেন।পরিদর্শক আহমেদ কবির বলেন, কে গুলি করেছে, আর কে কে উপস্থিত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানায়, বাকী মোহাম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে একটি মাদকদ্রব্য ও একটি অস্ত্র মামলাও রয়েছে। তবে বাকীর স্ত্রী দাবি করেন, বাকী কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না।