বন্ধুসভাই প্রথম পৌঁছাল দুর্গত ৬ পরিবারের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে গতকাল ত্রাণসামগ্রী বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। উলুছড়া আলুটিলা পৌর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে বিকেলে তোলা ছবি l প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে গতকাল ত্রাণসামগ্রী বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। উলুছড়া আলুটিলা পৌর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে বিকেলে তোলা ছবি l প্রথম আলো

১৩ জুনের পাহাড়ধসে ঘরবাড়ি হারায় রাঙামাটির মোন আদাম এলাকার ছয়টি পরিবার। আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেওয়া পরিবারগুলো সরকারি-বেসরকারি কোনো ত্রাণই পায়নি। আয়-উপার্জন বন্ধ থাকায় কষ্টের দিন কাটাচ্ছিল তারা। গতকাল বৃহস্পতিবার তাদের হাতে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ তুলে দেন বন্ধুসভার সদস্যরা।

১৫ জুন শুরু হওয়া প্রথম আলো ট্রাস্টের এই ত্রাণ বিতরণ কার্যক্রম গতকাল অষ্টম দিনে গড়ায়। গতকাল রাঙামাটি সদর ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন এলাকার ১৩১টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। এ নিয়ে আট দিনে রাঙামাটি ও রাঙ্গুনিয়ার মোট ১ হাজার ৩৫৭টি পরিবারকে ত্রাণ দেওয়া হলো। প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম শাখার পরিচালনায় এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করছেন রাঙামাটি বন্ধুসভার সদস্যরা।

বন্ধুসভার সদস্যরা গতকাল রাঙামাটি সদরের টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে ১৫টি পরিবারকে, সড়ক ও জনপথ বিভাগের কারখানা কেন্দ্রে ২৫টি, উলুছড়া আলুটিলা পৌর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০টি, মোন আদাম এলাকায় ৬টি, মানিকছড়ি এলাকার প্রিয়মোহন দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১১টি, মনোঘর আবাসিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৯টি ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আশ্রয় নেওয়া ১৬টি পরিবারকে ত্রাণ দেন। এর আগে গত বুধবার রাঙামাটিতে ত্রাণ হিসেবে বিতরণ করা হয় গুঁড়ো দুধ, খাওয়ার স্যালাইন, শাড়ি, লুঙ্গি, বিস্কুট, থালাবাসন, চামচ, হাঁড়িপাতিল ও বিশুদ্ধ পানি। তবে ক্ষতিগ্রস্ত লোকজনের চাহিদার কথা ভেবে গতকাল দেওয়া হয় থামি (আদিবাসী পোশাক) ও পরিচ্ছন্নতার সামগ্রী।

 রাঙামাটির পাশাপাশি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়। এখানকার প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল, আধা কেজি ডাল, ২৫০ গ্রাম গুঁড়ো দুধ, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, আধা কেজি মুড়ি, একটি শাড়ি, একটি থামি ও এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণের সময় বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য হাসান মাহমুদ, চট্টগ্রাম বন্ধুসভার খায়রুল আনাম, অভিজিৎ সাহা, অভিষেক চৌধুরী, রাঙামাটি বন্ধুসভার দীপান্বিতা চাকমা, শিপন চাকমা, পূর্ণা চাকমাসহ ১৫ জন বন্ধু উপস্থিত ছিলেন। আজও রাঙামাটির বিভিন্ন এলাকায় প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে।

এদিকে দুর্গত মানুষের সহায়তায় গতকাল প্রথম আলো ট্রাস্টে জমা পড়েছে ৪১ হাজার টাকা। এর মধ্যে প্রথম আলোর কার্যালয়ে এসে ট্রাস্টের তহবিলে দুই ব্যক্তি (তাঁরা নাম প্রকাশ করতে চাননি) ২০ হাজার ও ৫ হাজার টাকা দিয়েছেন। ঢাকার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জেন্ডার ক্লাব দিয়েছে ৫ হাজার টাকা। আর প্রথম আলো ট্রাস্টের ব্যাংক হিসাবে জমা হয়েছে ১১ হাজার টাকা। সব মিলিয়ে গতকাল পর্যন্ত প্রথম আলো ট্রাস্টে জমা হয়েছে ১০ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দুর্গত মানুষের সহায়তায় ৫০ হাজার টাকার ত্রাণসামগ্রী দিয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, আটা, চিড়া, গুঁড়ো দুধ, ট্যাং, থালা ও ওষুধ। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা গতকাল প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে এসে এগুলো দিয়ে যান। প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এসব সামগ্রী গ্রহণ করেন।