বন্ধুসভার আয়োজনে কৃষক উৎসব
পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠির জামুরা গ্রামে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে কৃষক উৎসব হয়েছে। গতকাল বুধবার ইউনিয়ন পরিষদসংলগ্ন মাঠে এ উৎসব হয়।
বিকেল চারটায় উৎসবের অনুষ্ঠান শুরু হয়। হাঁড়ি ভাঙা, মারবেল দৌড়, মিউজিক বল ও অভিনয় প্রতিযোগিতায় কৃষকেরা অংশ নেন।
উৎসবের লাইকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, বন্ধুসভার এই আয়োজন কৃষকের মধ্যে অন্য রকম আনন্দ এনে দিয়েছে। উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় কৃষক নুরুল হক মোল্লা, শিক্ষক ফোরকান হোসেন প্রমুখ। উৎসব পরিচালনা করেন পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান।
উৎসবে অভিনয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেন ওই গ্রামের কৃষক আলতাফ হাওলাদার। পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাসিত আলতাফ হোসেন বলেন, ‘আমরা সারা বছর মাঠে চাষ কইরা ফসল ফলাই। কিন্তু এই রকম কোনো অনুষ্ঠান আমাগো নিয়া কেউ করে নাই। খুব খুশি হইছি।’
শেষ পর্যায়ে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।