বন্ধুসভার ইফতার সামগ্রী বিতরণ
চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নে ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী ও ৫০ পরিবারের মাঝে অর্থ বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা।
গত রোববার চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা রায়পুরের ঘাটকুল, ফকিরহাট ও বাইন্যাদীঘির পাড় এবং জুঁইদণ্ডী ইউনিয়নের পূর্ব জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ইফতারসামগ্রী ও অর্থ বিতরণ করেন।
স্থানীয় লোকজন জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে আনোয়ারার রায়পুরের ঘাটকুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট না থাকায় স্থানীয় লোকজন ত্রাণসামগ্রী পাননি। বন্ধুসভার সদস্যরা নৌপথে ওই গ্রামে গিয়ে ইফতারসামগ্রী বিতরণ করেন।
চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি ফাহিম উদ্দিন, সাধারণ সম্পাদক শিহাব জিশান, যুগ্ম সম্পাদক শাওন রায়, সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক জাকিয়া কবির, দপ্তর সম্পাদক ইব্রাহিম তানভীর, স্থানীয় সাংবাদিক সুমন শাহ ও শিক্ষক জাহাঙ্গীর আলম ইফতারসামগ্রী ও অর্থ বিতরণকাজে অংশ নেন।
বন্ধুসভা জানায়, ৫০টি পরিবারের মাঝে ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।