বন্ধুসভার উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় বেড়া বন্ধুসভার উদ্যোগে ৫২ জন রিকশা ও ভ্যানচালকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেড়া রিকশা-ভ্যানচালক সমবায় সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত চলে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ।
বন্ধুসভার সদস্যরা জানান, প্রত্যেকেরই রক্তের গ্রুপ জানা জরুরি হলেও রিকশা ও ভ্যানচালকেরা আর্থিক সমস্যার পাশাপাশি অসচেতনতার কারণে নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। এ কারণে বেড়া বন্ধুসভার সদস্যরা নিজেরা চাঁদা তুলে রক্তের গ্রুপ পরীক্ষার ওষুধ ও সরঞ্জামাদি সংগ্রহ করেন। পরে মাইকিংয়ের মাধ্যমে রক্তের গ্রুপ পরীক্ষার স্থান ও সময় সম্পর্কে জানিয়ে দেওয়া হয়।
রক্তের গ্রুপ পরীক্ষায় সহায়তা করেন বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন, মেডিকেল টেকনিশিয়ান তপন রায় ও ইব্রাহিম হোসেন।
নিজের রক্তের গ্রুপ জানার পর রিকশাচালক রহম আলী (৫৮) বলেন, ‘ওনারা আমার রক্তের গুরুপ জানায়া দিল। ইডা জানা নাকি খুব দরকার। রক্তের গুরুপ পরীক্ষা করায়া ভালো লাগত্যাছে।’
রক্তের গ্রুপ পরীক্ষার উদ্বোধন করেন বেড়া পৌরসভার কাউন্সিলর আব্দুস সামাদ মহালদার এবং পৌরসভার কাউন্সিলর ও বেড়া রিকশা-ভ্যানচালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বেড়া রিকশা-ভ্যানচালক সমবায় সমিতির সভাপতি নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।