বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গত শুক্রবার বিকেলে এ আয়োজন করা হয়।
জেলা পুলিশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্ধুসভা। জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের কান্দিপাড়া ও শিমরাইলকান্দি এলাকার ২০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদত হোসেন।
পুলিশ সুপার মিজানুর রহমান শীতার্তদের বলেন, ‘সারা দিন কষ্ট করে রাতে ঘুমাতে যাওয়ার সময় যেন একটু আরাম বোধ করতে পারেন তাই এই শীতবস্ত্র বিতরণ। শীতের এই যুদ্ধে আপনারা একা নন। প্রথম আলো বন্ধুসভা সব সময় মানুষের পাশে থাকে। শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণই তার প্রমাণ। বন্ধুসভার সদস্যরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন।’